Euro Cup 2024: হ্যারি কেনের গোলে এগিয়েও জয় অধরা ইংল্যান্ডের, রুখে দিল ডেনমার্ক
Euro Cup 2024: ইউরো কাপের দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ইংল্যান্ড। ডেনমার্কের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ অবধি হ্যারি কেনদের মাঠ ছাড়তে হলো ১-১ গোলে ড্র করে।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের শেষ ১৬-এ যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো। তবে লড়াইয়ে থাকল ডেনমার্কও। হ্যারি কেন প্রথমে এগিয়ে দেন ইংল্যান্ডকে। মোর্টেন জুলমান্ডের গোলে সমতা ফেরায় ডেনমার্ক।

এই ম্যাচ জিতলেই রাউন্ড অব সিক্সটিনের টিকিট নিশ্চিত করে ফেলত ইংল্যান্ড। কাইল ওয়াকার দ্রুতগতিতে প্রতিপক্ষের অর্ধে এগিয়ে যাচ্ছিলেন। তাঁর পা থেকে বল কাড়ার চেষ্টা করছিলেন ডেনমার্কের ডিফেন্ডার ভিক্টর ক্রিস্টিয়ানসেন।
ওয়াকারের বাড়ানো নীচু ক্রস পেয়ে তা জালে জড়িয়ে দেন হ্যারি কেন। যদিও এই অগ্রগমন ধরে রাখতে পারেনি গ্যারেথ সাউথগেটের দল। থ্রো ইন থেকে বল পেয়ে দূরপাল্লার নীচু শটে গোল করে সমতা ফেরান জুলমান্ড। এরপর এই ম্যাচে কোনও দলই আর গোল করতে পারেনি।
ইউরো ২০২০-র রানার-আপদের এবারের টুর্নামেন্টে ফেভারিট ধরা হচ্ছে। যদিও ইংল্যান্ড এদিন যে হতশ্রী ফুটবল উপহার দিল তাতে তারা আদৌ খেতাব জয়ের যোগ্য কিনা সেই প্রশ্ন উঠে গেল। স্লোভেনিয়া-সার্বিয়া ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ফলে গ্রুপ সি-র শীর্ষেই রইল ইংল্যান্ড। তবে ২ পয়েন্ট নষ্ট করল তারা।
হ্যারি কেন স্বীকার করেছেন ইংল্যান্ডকে আরও ভালো খেলতে হবে। তাঁর কথায়, ভালো দলের লক্ষণ হলো সেরাটা না দিতে পারা সত্ত্বেও নিজেদের সুবিধাজনক ফলাফল সুনিশ্চিত করা। ইংল্যান্ডের পরের পর্বে যাওয়া এরকরম নিশ্চিত। ফলে সেই লক্ষ্যপূরণ হয়েছে। কেন মনে করছেন, তাঁদের পারফরম্যান্স নিয়ে অনেক কথা উঠবে। অনেকেই হতাশা ব্যক্ত করবেন। তবে এ সবের মধ্যেই এখন শান্ত থাকার সময়।












Click it and Unblock the Notifications