Euro Cup 2024: অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইউরোর শেষ আটে ইংল্যান্ড! বেলিংহ্যাম ও কেনের গোলে ছিটকে গেল স্লোভাকিয়া
Euro Cup 2024: ইউরো কাপ থেকে বিদায় যখন একরকম নিশ্চিত, তখনই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। আর তাতেই কয়েক মিনিটের ব্যবধানে জোড়া গোলের সৌজন্যে শেষ আটে চলে গেল গ্যারেথ সাউথগেটের দল।
নব্বই মিনিট অবধি ১-০ গোলে এগিয়ে ছিল স্লোভাকিয়া। ইনজুরি টাইম যখন শেষ বাঁশি বাজার দিকে এগিয়ে চলেছে, তখনই শেষ লগ্নে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। অতিরিক্ত সময়ে হ্যারি কেনের গোলে নিশ্চিত হয় ইংল্যান্ডের টিকে থাকা।
ম্যাচের ২৫ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। ৯৫ মিনিট অবধি টার্গেটে একটিও শট রাখতে পারেনি সাউথগেটের প্রশিক্ষণাধীন দল। খেলা শেষ হতে যখন কয়েক সেকেন্ড বাকি, তখন বেলিংহ্যামের অ্যাক্রোবেটিক প্রয়াস স্বস্তি আনে থ্রি লায়ন্স শিবিরে।
১৯৬৬ সালের বিশ্বকাপ জেতার পর আর কোনও মেজর (ইউরো কাপ ও বিশ্বকাপ) জেতেনি ইংল্যান্ড। আজ জেলসেনক্রিসেনে রাউন্ড অব সিক্সটিন থেকেই ইংল্যান্ডের ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। ২৫ মিনিটে ইভান স্ক্র্যাঞ্জের গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। বিরতিতে খেলার ফল ছিল ১-০।
দ্বিতীয়ার্ধের গোড়াতেই ফিল ফডেন প্রতিপক্ষের জালে বল পাঠাতে সক্ষম হলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ডেক্লান রাইসের শট পোস্টে লেগে ফিরে আসে। ইনজুরি টাইমের পাঁচ মিনিটের মাথায় ওভারহেড-কিকে গোল করেন বেলিংহ্যাম। ফল ১-১ হতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের খেলা শুরুর ৫০ সেকেন্ডের মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জয়সূচক গোল হ্যারি কেনের। ইউরোর কোনও ম্যাচে অতিরিক্ত সময়ে এত দ্রুত গোল আগে হয়নি। ফলে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে প্রি কোয়ার্টারে পৌঁছে গেল ইংল্যান্ড। তাদের পরবর্তী প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড।
তবে কোয়ার্টার ফাইনালে মার্ক গুয়েহিকে পাবে না ইংল্যান্ড। আজ তিনি ম্যাচের তিন মিনিটের মাথায় কার্ড দেখেন, যা তাঁকে ছিটকে দিল পরের ম্যাচ থেকে। দুই দলই দুই অর্ধেই কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। হ্যারি কেন এদিন জয়সূচক গোল করার পাশাপাশি ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৭৯টি ম্যাচ খেলে টপকে গেলেন পিটার শিলটনের ৭৮টি ম্যাচ খেলার নজির।
হ্যারি কেন ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে ১৪টি গোল করলেন। ইউরোপীয় ফুটবলারদের মধ্যে এই নজিরের ক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২২), মিরোস্লাভ ক্লোসে (১৯), গার্ড মুলার (১৮) ও য়ুর্গেন ক্লিন্সম্যান (১৬)। সাতবারের সাক্ষাতে ইংল্যান্ডের কাছে ৬ বারই হেরে বিদায় নিল স্লোভাকিয়া।













Click it and Unblock the Notifications