Euro 2020 : গোলের ভেলায় চেপে জয়ের সরণীতে ফেরা স্পেন প্রি-কোয়ার্টার ফাইনালে, বিধ্বস্ত স্লোভাকিয়ার
Euro 2020 : গোলের ভেলায় চেপে জয়ের সরণীতে ফেরা স্পেন প্রি-কোয়ার্টার ফাইনালে, হার স্লোভাকিয়ার
দুই ম্যাচ পর ইউরো কাপে গোলের ভেলায় চেপে জয়ের সরণীতে ফিরল স্পেন। স্লোভাকিয়াকে ৫ গোল দিয়ে ই গ্রুপের শীর্ষ স্থানে থেকে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছল লুইস এনরিকের দল। অন্যদিকে শুরুটা ভাল করেও একের পরপর গোল খেয়ে খেই হারিয়ে ফেলল স্লোভাকিয়া। ম্যাচের ফলাফল ৫-০।

ইউরো কাপের ই গ্রুপের মাস্ট উইন ম্যাচে স্পেন দলে অধিনায়ক সার্জিও বুস্কেটসের প্রত্যাবর্তন ঘটে। বাড়তি উদ্যমে প্রথম থেকেই আক্রমণে উঠতে থাকে লুইস এনরিকের দল। ঘরের মাঠ সেভিয়াতে ৪-৩-৩ ছকে দল সাজিয়ে স্লোভাকিয়ার রক্ষণভাগকে ফালাফালা করতে থাকে স্পেন। অন্যদিকে ৪-২-৩-১ ছকে দল নামিয়ে মূলত প্রতি-আক্রমণ নির্ভর রণনীতিতে হোম টিমকে কব্জা করার চেষ্টা করে স্লোভাকিয়া। তাতে কাজের কাজ হয়নি।
লাগাতার আক্রমণের চাপ সামলাতে না পেরে ম্যাচের ১০ মিনিটের মাথায় স্পেনকে পেনাল্টি দিয়ে দেয় স্লোভাকিয়া। টিভি রিপ্লে দেখেও নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন আলভারো মোরাতা। পেনাল্টি সেভ করা গোলরক্ষক মার্টিন দুবরাভকার দস্তানায় ভর করে যখন নতুন লড়াইয়ের পরিকল্পনা করছে স্লোভাকিয়া, তখন নায়কের আত্মঘাতী গোল দলের পতনের কারণও হয়। ম্যাচের ৩০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।
🇪🇸 Bravo, Spain! La Roja through to round of 16 🥳#EURO2020 | #ESP pic.twitter.com/uqCl9vyNgu
— UEFA EURO 2020 (@EURO2020) June 23, 2021
ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পায় স্লোভাকিয়াও। একবার তো ওয়ান টু ওয়ান পজিশন থেকেও স্পেনের গোলরক্ষককে পরাজিত করতে ব্যর্থ হন বিপক্ষ দলের স্ট্রাইকার। অন্যদিকে ধাঁরালো আক্রমণ শানাতে থাকে স্পেন। প্রথমার্ধের একদম শেষ মুহুর্তে আইমেরিক লাপোর্তের গোলে ব্যবধান বাড়ায় স্পেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার সম্পূর্ণ দখল স্পেনের হাতে চলে যায়। লুইস এনরিকের দলের আক্রমণ সামলাতে নাজেহাল স্লোভাকিয়া প্রতি-আক্রমণে উঠতেও ভুলে যায়। ম্যাচের ৫৬ মিনিটে তৃতীয় গোল পায় স্পেন। পাবলো সারাবিয়ার বুট থেকে আসে সফলতা। এরপর আরও ভয়ঙ্কর হয়ে খেলার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের দিকে টেনে নেয় স্পেন। ম্যাচ থেকে হারিয়ে যায় স্লোভাকিয়া। ম্যাচের ৬৭ মিনিটের দলের হয়ে চতুর্থ গোল করেন ফেরান তোরেস। পঞ্চম গোলটি জয়ী দলকে উপহার দেন স্লোভাকিয়ার জুরাজ কুচকা।
⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 23, 2021
🇪🇸 Spain through; equal EURO record win margin
🇸🇰 Slovakia suffer heavy defeat in Seville
🤔 How good is this @SeFutbol side? #EURO2020
ইউরো কাপের দল থেকে সার্হিও রামোসকে বাদ দেওয়া নিয়ে ফুটবল মহলে বিতর্ক তৈরি হয়েছিল। রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলারকে না নেওয়াটাকে স্পেন তথা বার্সেলোনার প্রাক্তন কোচ লুইস এনরিকের চক্রান্ত বলে আখ্যা দিয়েছিল ফুটবল বিশ্বের একটা অংশ। সেই নিন্দুকদের মুখে তালা লাগিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে নিজেদের কিছুটা প্রমাণ করল স্পেনের তরুণ ব্রিগেড।












Click it and Unblock the Notifications