ইউরো কাপে মুখোমুখি জার্মানি ও ইংল্যান্ড, দুই দলের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান কী বলছে
ইউরো কাপে মুখোমুখি জার্মানি ও ইংল্যান্ড, দুই দলের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান কী বলছে
ভারতীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জার্মানির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। সেই আবহে ইউরো কাপে দুই দলের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান দেখে নেওয়া যাক। কতবার নক আউটে উঠেছে দুই দল। কত বার খেতাব জিততে সক্ষম হয়েছে জার্মানি ও ইংল্যান্ড, তা দেখে নেওয়া যাক।

কতবার নকআউটে ইংল্যান্ড
ইউরো কাপে (এক সময়ের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ) মোট পাঁচ বার নক আউট পর্বে উঠেছে ইংল্যান্ড। টুর্নামেন্টের ১৯৬৮ সালের সংস্করণে তৃতীয় হয়েছিল ব্রিটিশ দল। ১৯৯৬ সালের ইউরো কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল ইংল্যান্ডকে। ২০০৪ ও ২০১২ সালের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ব্রিটিশরা। ২০১৬ সালে রাউন্ড অফ সিক্সটিন থেকে ফিরে আসতে হয়েছিল ইংল্যান্ডকে।

কতবার নকআউটে জার্মানি
ইউরো কাপের অন্যতম সফল দল বলা চলে জার্মানিকে। এখনও পর্যন্ত তারা তিন বার (১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬) চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯২ ও ২০০৮ সালের ইউরো কাপে রানার্স হয়েছিল জার্মানি। ১৯৮৮, ২০১২ ও ২০১৬ সালের ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছেছিল থমাস মুলারের দল।

ইউরো কাপে জার্মানির অন্যান্য পরিসংখ্যান
শুরু থেকে এখনও পর্যন্ত ইউরো কাপে ৫২টি ম্যাচ খেলেছে জার্মানি। ২৭টি ম্যাচ জিতেছে, ১৩টি হেরেছে। ১২টি ম্যাচ ড্র করেছে জার্মানি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৭৮টি গোল করেছে তিন বারের চ্যাম্পিয়নরা। ৫৩টি গোল জার্মানির বিরুদ্ধে করেছে প্রতিপক্ষ শিবির। ১৯৬০, ১৯৬৪ ও ১৯৬৮ সালের ইউরো কাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল জার্মানি।

ইউরো কাপে ইংল্যান্ডের অন্যান্য পরিসংখ্যান
ইউরো কাপে শুরু থেকে এখনও পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ১২টি ম্যাচ জয়ের পাশাপাশি ১২টি হেরেছে। ১০টি ম্যাচ ড্র দিয়ে শেষ করেছে ইংল্যান্ড। ইউরো কাপে ৪২টি গোল করেছে ইংল্যান্ড। ৩৫টি গোল ইংল্যান্ডের বিপক্ষে দিয়েছে প্রতিপক্ষ দল। ১৯৬০, ১৯৬৪, ১৯৭২, ১৯৭৬, ১৯৮৪ ও ২০০৮ সালের ইউরো কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications