Manchester United: ম্যানচেস্টার ইউনাইটেড ছাঁটাই করল এরিক টেন হ্যাগকে, অন্তর্বর্তীকালীন কোচ নিস্তেলরুই
Manchester United: বিপর্যয়ের মুখে বড় পদক্ষেপ ম্যানচেস্টার ইউনাইটেডের। সরিয়ে দিল দলের হেড কোচ বা ম্যানেজার এরিক টেন হ্যাগকে।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে গতকাল ১-২ গোলে হেরে গিয়েছে ম্যান ইউ। জ্যারড বাওয়েন স্টপেজ টাইমের পেনাল্টি থেকে গোল করে জেতান ওয়েস্ট হ্যামকে। ফলে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ১৪ নম্বরে ম্যান ইউ।
লিগ অভিযানে ৯টি ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অনেক দিন ধরেই এরিক টেন হ্যাগের ভবিষ্যৎ নিয়ে চর্চা চলছিল। অবশেষে গতকালের হারের পর আজ তাঁকে সরিয়ে দেওয়া হলো। অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে রুদ ভান নিস্তেলরুইকে।
গত মরশুমে প্রিমিয়ার লিগে আট নম্বরে শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তখন থেকেই চাপে ছিলেন টেন হ্যাগ। যদিও এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর তাঁর সঙ্গে চুক্তি ২০২৬ অবধি বাড়িয়েছিল ক্লাব। গত বছর কারাবাও কাপ ও এফএ কাপ ছাড়া আর কোনও খেতাব জেতেনি ম্য়ানচেস্টার ইউনাইটেড।
এরিক টেন হ্যাগকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাবার্তা দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত নিস্তেলরুই হেড কোচের দায়িত্ব সামলাবেন। বর্তমান কোচিং টিমের সকলে তাঁকে সহায়তা করবেন যতক্ষণ না অবধি স্থায়ী কোচ নিয়োগ করা হয়।
২০২২ সালে এফসি আয়াক্স ছেড়ে ম্যান ইউয়ের কোচ হন টেন হ্য়াগ। চলতি প্রিমিয়ার লিগে চারটি ম্যাচে পরাস্ত হয়েছে রেড ডেভিলস। ইউরোপা লিগের তিনটি ম্যাচেই ড্র করেছে। এরিক টেন হ্যাগ মাত্র দুটি ট্রফিই দিয়ে গেলেন ওল্ড ট্র্যাফোর্ডের ঐতিহ্যশালী ক্লাবকে। দলের ব্যর্থতার জন্য সুযোগ নষ্টের দিকে আঙুল তুললেও তাঁর কোচিংয়ের সময়কালে ম্যান ইউ প্রচুর গোলও হজম করেছে।













Click it and Unblock the Notifications