Emiliano Martinez: কয়েক ঘণ্টায় জার্সি বদল! দুপুরে লাল হলুদ, সন্ধ্যায় সবুজ মেরুন মার্তিনেজ
দলবদল কলকাতা ময়দানের অঙ্গ। ৮০-৯০-এর দশকে তারকা ফুটবলারদের নিয়ে দুই প্রধানের টানাটানির গল্প গড়ের মাঠের ইতিহাসে মিথ হয়ে আছে। এরপর সময় বদলেছে, কর্পোরেট সংস্কৃতি এসেছে ময়দানে। আগেকার দল বদলের উত্তেজনা এখন অনেকটাই কম। কিন্তু সেরা ফুটবলারদের জার্সি পড়ানোর বাসনা একই রকম আছে দুই প্রধানের কর্তাদের।
আগামী মরসুমে ইপিএলের কয়েকটি দলের লড়াই চলছে এমিলিয়ানো মার্তিনেজকে জার্সি পড়ানোর। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দলে নিতে আগ্রহী ম্যান ইউ-র মতো ক্লাব। কিন্তু কলকাতা সফরে এসে দলবদলের নতুন রেকর্ড গড়লেন এমিলিয়ানো মার্তিনেজ।

দুপুরে ইস্টবেঙ্গল, বিকেলে মোহনবাগান। লাল হলুদ থেকে সবুজ মেরুন হতে মেসির সতীর্থ সময় নিলেন মাত্র কয়েক ঘণ্টা। এত দ্রুত দলবদল(জার্সি বদল) ময়দানে করতে পারেননি কোনও ফুটবলারই। কিন্তু তিনি সোনার গ্লাভস জয়ী গোলরক্ষক। কলকাতা সফরে এসেছেন মাত্র ২৪ ঘণ্টা আগে। তাই ময়দানি নিয়ম জানবেনই বা কী করে। তাই লাল হলুদ থেকে সবুজ মেরুন হতে সময় নিলেন না বেশিক্ষণ।
দুপুরে মিলনমেলা প্রাঙ্গনে একটি বেসরকারি অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল মার্তিনেজকে। মশাল বাহিনির পক্ষ থেকে তাঁকে পড়ানো হল লাল হলুদ জার্সি। লাল হলুদ জনতাও ধ্বনি তুলল আমাগো ইমি।বেলাশেষে প্লাল্টা দিল মোহনবাগান। নিজেদের ডেরায় এনে মেসির সতীর্থকে পড়ালেন সবুজ মেরুন জার্সি। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার বিকালে গোষ্ঠপাল সরণীতে এলেন মার্তিনেজ। বাগান কর্তারা তাঁকে নিয়ে গেলেন তাঁবুর অন্দরে।

মঙ্গলবার বিকেল তখড় ৫.১৫ মিনিট মার্টিনেজের কনভয় থালম মোহনবাগান মূল ফটকের সামনে। এমি এমি গগনভেদী চিৎকারে তাঁকে স্বাগত জানাল ময়দানের ফুটবলপ্ৰেমীরা। প্রথমেই বাগানের পেলে মারাদোনা সোবার্স গেটের ফিতে কেটে উদ্বোধন।
এরপর আর্জেন্টিনা তারকা পৌঁছে গেলেন সবুজ মেরুন তাঁবুর অন্দরে। সেখানে মোহনবাগান ক্লাবের পক্ষ রাজকীয় সম্বর্ধনা দেওয়া হল। ক্লাবের কর্ম সমিতির সদস্যেদের উপস্থিতিতে তুলে দেওয়া হল মোহনবাগান রত্ন স্মারক, শতবর্ষের স্ট্যাম্প। ভারতীয় ফুটবলের ঐতিহাসিক স্থান ঘুরে দেখলেন বিশ্বকাপ জয়ী। পাঁচজনের হাতে তুলে দিলেন মোহনবাগানের আজীবন সদস্যপদ।

মোহনবাগান জনতাও আপন করে নিল বিশ্বকাপজয়ী তারকাকে। গ্যালারির আবেগ, উদ্দীপনায় ভেসে গেলেন মেসির সতীর্থ। হুড খোলা জিপে সারা মাঠ প্রদক্ষিণ করে জনতার অভিবাদন গ্রহণ করলেন। উপহার হিসেবে গ্যালারিতে বল পাঠালেন। আর যেন বোঝালেন আমি তোমাদেরই লোক।
দিনের শেষে তর্ক হতে পারেই, কোন প্রধানের জার্সি বেশিক্ষণ গায়ে চাপালেন বিশ্বকাপজয়ী?












Click it and Unblock the Notifications