এমিলিয়ানো মার্তিনেস কলকাতায় সৌরভের জন্মদিনের প্রাক্কালে, বিশ্বকাপজয়ী ৪ জুলাই যাবেন মোহনবাগানে
জুন নয়। জুলাই মাসেই কলকাতায় আসছেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী তথা কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জেতা সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস (Emiliano Martinez)। তাঁর সফরের দিনক্ষণ আজই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।
শতদ্রুর উদ্যোগেই কলকাতায় আসছেন আরও এক বিশ্বকাপার। শুধু তাই নয়, বিশ্বকাপজয়ী দলের কোনও সদস্য কাপ জেতার কয়েক মাসের মধ্যেই শহরে এসেছেন এমন নজির নেই। জুলাইয়ের ৪ থেকে ৬ তারিখ অবধি ফুটবলের মক্কায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মার্তিনেস।

মোহনবাগান ক্লাবে গিয়েছিলেন দিয়েগো মারাদোনা। সেই ক্লাবেই এবার আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্তিনেসও যাবেন। মোহনবাগান ক্লাবের তরফে সবুজ-মেরুন জার্সি উপহার দেওয়া হয়েছে 'দিবু' মার্তিনেসকে। তিনি একটি ফুটবলে সই করে মোহনবাগানের জন্য শুভেচ্ছাবার্তাও দিয়েছেন।
অ্যাস্টন ভিলায় খেলছেন মার্তিনেস। লন্ডনে গিয়ে মার্তিনেসের ক্লাব দলের খেলা সপরিবারে দেখেছেন শতদ্রু। গত শনিবার টটেনহ্যামকে সেই ম্য়াচে হারিয়েছে মার্তিনেসের দল। দুরন্ত ছন্দেও রয়েছেন মেসির আর্জেন্তিনা দলের দুর্গরক্ষার অতন্দ্র প্রহরী। মার্তিনেস ৪ জুলাই মোহনবাগানে যাবেন বলে ক্লাবের তরফে জানানো হয়েছে। পরবর্তী পরিকল্পনাও চূড়ান্ত হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বড় অনুরাগী শতদ্রু। দাদাকে 'গুরুদেব' বলেও সম্বোধন করেন শতদ্রু। মার্তিনেসের কলকাতা সফর চূড়ান্ত হতেই শতদ্রু ওয়ানইন্ডিয়া বাংলাকে লন্ডন থেকে জানিয়েছেন, আমার সব কর্মকাণ্ড দাদা ছাড়া হয় না। দাদা ও দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)-এর জন্য আর্জেন্তিনার জার্সি নিয়ে যাবেন মার্তিনেস।
পেলে থেকে মারাদোনা, ভালদেরামা থেকে কাফু, কিংবদন্তিদের সঙ্গে এক মঞ্চে বা কোনও বিশেষ জায়গায় সৌরভের সাক্ষাতের বন্দোবস্ত করেছিলেন শতদ্রু। মহারাজের জন্মদিন ৮ জুলাই। সৌরভের জন্মদিনে বরাবরই চমক দিয়ে থাকেন শতদ্রু। সৌরভ কলকাতায় থাকলে নিশ্চিতভাবেই মার্তিনেসের সঙ্গে মহারাজের সাক্ষাৎ হবে।

মার্তিনেসের উপস্থিতিতে সৌরভ আগাম বার্থ ডে কেক কাটেন কিনা সেটা নিয়েও জল্পনা চলছে। কেন না, মার্তিনেস ৬ তারিখ অবধি শহরে থাকছেন। ৮ তারিখই সৌরভের জন্মদিন। ফলে সেই বিশেষ দিনটিকে নিয়ে শতদ্রু কী উদ্যোগ নেন তা নিয়ে চর্চা তুঙ্গে। জানা যাচ্ছে, বেশ কিছু চ্যারিটি সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেস।
কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপেও প্রধান অতিথি হিসেবে থাকার কথা মার্তিনেসের। তবে তিনি মাঠে নেমে খেলতে পারবেন না, যেহেতু এখনও তিনি ক্লাবের ও জাতীয় দলের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ। ফলে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। মার্তিনেসকে দিয়ে আইএফএ-র মাধ্যমে বাছাই ফুটবলারদের নিয়ে ফুটবল ক্লিনিকে পেপ টকের বন্দোবস্তও হতে পারে।












Click it and Unblock the Notifications