Emiliano Martinez: এমিলিয়ানো মার্তিনেজকে কড়া শাস্তি দিল ফিফা, বড় ধাক্কা আর্জেন্তিনার
Emiliano Martinez: আপত্তিকর আচরণের অভিযোগ। আর তাতেই ফিফার শাস্তির কোপে পড়লেন আর্জেন্তিনার তারকা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
লাতিন আমেরিকার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুটি ম্যাচে সাসপেন্ড হলেন মার্তিনেজ। বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী এই তারকা গোলকিপারের সাসপেনশন বড় ধাক্কা দিল আর্জেন্তিনাকে।

আর্জেন্তিনার কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পর মার্তিনেজের অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে সে যাত্রায় তাঁকে কোনও শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়তে হয়নি। অবশ্য এবার আর শাস্তি এড়াতে পারলেন না।
সম্প্রতি আর্জেন্তিনা কলম্বিয়ার কাছে হারার পর এক ক্যামেরাম্যানকে আঘাত করার অভিযোগ ওঠে মার্তিনেজের বিরুদ্ধে। আর্জেন্তিনার ফুটবল সংস্থার তরফে মার্তিনেজকে ফিফার শাস্তি দেওয়ার কথা স্বীকার করা হয়েছে। যদিও শাস্তির সিদ্ধান্তের সঙ্গে সহমত নয় এএফএ।
জানা গিয়েছে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কলম্বিয়া ম্যাচের পাশাপাশি চিলি ম্যাচেও মার্তিনেজের আচরণে অসন্তোষ প্রকাশ করেছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিশন। তারপরই এই শাস্তিমূলক পদক্ষেপ। অক্টোবরের ১০ ও ১৫ তারিখ যথাক্রমে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মার্তিনেজকে পাবে না আর্জেন্তিনা।
যদিও ফিফা স্পষ্টভাবে জানায়নি, ঠিক কোন ঘটনার জন্য মার্তিনেজকে এমন শাস্তি দেওয়া হলো। কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতার পর পুরস্কারের ট্রফি পুরুষাঙ্গের কাছে ধরে বিতর্কিত অঙ্গভঙ্গি করেছিলেন মার্তিনেজ। ঠিক সেভাবেই চিলিকে ৩-০ গোলে হারানোর পর তেমনই অঙ্গভঙ্গি করার অভিযোগ মার্তিনেজের বিরুদ্ধে। এরপর কলম্বিয়া ম্যাচে ক্যামেরাম্যানকে আঘাত করায় ফের বিতর্কে জড়ান আর্জেন্তিনার গোলকিপার।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে আর্জেন্তিনা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৮ ম্যাচে তাদের রয়েছে ১৮ পয়েন্ট। কলম্বিয়ার ১৬ ও উরুগুয়ের ঝুলিতে রয়েছে ১৫ পয়েন্ট।












Click it and Unblock the Notifications