Emami East Bengal-Mohun Bagan Super Giant: একদিনে জোড়া চমক ইস্টবেঙ্গলের, সবুজ মেরুনের পথেই সামাদ
একদিনে জোড়া চমক ইস্টবেঙ্গলের। গিল ভাইদের সই করাল লাল হলুদ। সকালে গোলরক্ষক প্রভসুখন গিলকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছিল ইমামি ইস্টবেঙ্গল। বেলাশেষে আরও চমক। প্রভসুখনের ভাই গুরসিমরত সিং গিলের যোগদানের কথা সরকারিভাবে ঘোষণা করল লাল হলুদ।
প্রভসুখনের মত চন্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকেই ফুটবল জীবন শুরু হয় গুরসিমরতের। তবে তাঁর দাদা ডিফেন্ডার। নভি মুম্বইয়ের ফেডারেশনের অ্যাকাডেমি থেকেও প্রশিক্ষণ নেন তিনি। বিদেশে জাতীয় যুব দলের হয়েও প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলেন বিদ্যাসাগর সিংদের সঙ্গে। বার্সেলোনা, ইন্টার মিলানের নজরেও পড়েছিলেন এই পাঞ্জাব ফুটবলার।

গুরসিমরত আগে মুম্বই সিটি এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। মুম্বই সিটি এফসি-র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতেই ইস্টবেঙ্গলে যোগ দিলেন তিনি। ২৫ বছর বয়সী সেন্টার ব্যাক এর আগে আইএসএলে একাধিক দলের হয়ে খেলেছেন। বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেছেন গুরসিমরত্।
ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত একটি বিবৃতিতে জানিয়েছেন, 'গিল ভাইদের দলে নিতে পেরে ভালো লাগছে। দুজনের আইএসএলের অভিষেকই আমার কোচিংয়ে হয়, যখন আমি বেঙ্গালুরু এফসিতে ছিলাম। এখন তারা আরও সিনিয়র হয়েছে। আমাদের ভালো পারফরমেন্স হবে আশা রাখছি।'

এদিকে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলাররা অনুশীলন শুরু করে দিলেন বুধবার থেকেই। ভিসা সমস্যায় কোচ এখনও আসতে পারেননি। তবে দেশীয় ফুটবলাররা কোচ বিনো জর্জের অধীনে অনুশীলন শুরু করলেন। বৃহস্পতিবার রেনবোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গলের যুব দল।
সরকারি ঘোষণা হয়নি। তবে নিশ্চিত খবর মোহনবাগানে সই করে দিয়েছেন সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে মোহনবাগান ছেড়ে কেরলে গেলেন অধিনায়ক প্রীতম কোটাল। সাহালকে পেতে ট্রান্সফার ফি এবং তার মাইনে হিসেবে মোটামুটি চার কোটি টাকা খরচ করল সবুজ মেরুন। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা হতে পারে।












Click it and Unblock the Notifications