মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে এগিয়ে ইমামি ইস্টবেঙ্গল, শতবর্ষের ডার্বিতে কেন ভরল না যুবভারতী?
Kolkata Derby: কলকাতা প্রিমিয়ার লিগে আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে এগিয়ে ইমামি ইস্টবেঙ্গল। প্রথমার্ধ ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে পিভি বিষ্ণুর দুরন্ত গোল এগিয়ে দেয় লাল হলুদকে। এরপর ব্যবধান বাড়ান জেসিন টিকে। যদিও শতবর্ষের ডার্বিতে ভরল না বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি।

কলকাতা লিগে বিদেশি খেলোনার নিয়ম নেই। ফলে বিদেশিহীন ডার্বি ঘিরে এমনিতেই উৎসাহ কম। তবু ইলিশ বনাম চিংড়ির লড়াইকে ঘিরে কেন এতটা কম উন্মাদনা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যুবভারতীর আনাচেকানাচে। যার কারণ হিসেবে উঠে আসছে আইএফএ-র অপদার্থতাই।
মাঠে যে প্রত্যাশিত দর্শক হয়নি তা মেনে নিচ্ছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কলকাতা লিগে অনেক বছর পর ডার্বি আয়োজন করা গেল, এ কথা বলে নিজেই নিজের পিঠ চাপড়ালেন। সেই সঙ্গে মেলে ধরলেন মাঠ না ভরার নানা যুক্তি। তাতেও আইএফএ-র ব্যর্থতার কথাই স্পষ্ট।
অনির্বাণ দত্ত বলেন, শনিবার সকলের ছুটি নেই। তার উপর ম্যাচটি দুপুরে হচ্ছে। সে কারণেই দর্শক সংখ্যা কম। তবে আমি নিশ্চিত, এই দুই দলই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাবে। তখন যে ডার্বি হবে, তাতে প্রচুর সমর্থক আসবেন। তবে আজ খেলা শুরুর পরও কিন্তু লোক মাঠে ঢুকছেন।
আইএফএ সচিবের দাবি, টিকিট অনলাইনে রাখা হয়েছিল। টিকিট ছাপানোর আগে বিভিন্ন জায়গা থেকে অনুমতি নিতে হয়। সেই পর্ব মিটিয়ে টিকিট ছেপে এসেছে কিছুটা দেরিতে। সে কারণেই অনেকে টিকিট কাটার ইচ্ছা থাকলেও পেরে ওঠেননি। টিকিট কিছুটা আগে ছেপে এলে ভালো হতো।
পরবর্তীকালে এই ধরনের সমস্যা হবে না বলেই দাবি আইএফও সচিবের। যদিও তিনি বলেন, এদিনের কলকাতা ডার্বি টিভি চ্যানেল ও অ্যাপের মাধ্যমে দেশ-বিদেশে থাকা দুই প্রধানের সমর্থকরাই দেখছেন। ফলে ডার্বি ঘিরে উৎসাহ কম সেটা ঠিক নয়।
কলকাতা লিগের প্রথম বড় ম্যাচ হয়েছিল ১৯২৫ সালে। সেই ম্যাচে গোল করেছিলেন নেপাল চক্রবর্তী। আইএফএ-র আমন্ত্রণে সাড়া দিয়ে নেপাল চক্রবর্তীর পুত্র দীপক চক্রবর্তী এদিন মাঠে এসেছিলেন বলে জানান অনির্বাণ। আইএফএ সচিবের কথায়, ডার্বি ছাড়া সব টুর্নামেন্ট অসম্পূর্ণ। তাই কলকাতা লিগে ডার্বি শুরু করানোটাই বড় পাওনা।
আজকের ডার্বিতেও ইমামি ইস্টবেঙ্গলের জয় সময়ের অপেক্ষা। গত বছর লাল হলুদকে ওয়াকওভার দেয় সবুজ মেরুন। আজ ইমামি ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটির নেপথ্যে মোহনবাগানের রক্ষণভাগের সৌরভ ভানওয়ালার বড় ভুল রয়েছে। তাঁর পা থেকে বল ছিনিয়ে নিয়ে আমনকে বাড়ান আমন সিকে। দুই অর্ধেই দাপট বেশি দেখিয়েছে লাল হলুদ।












Click it and Unblock the Notifications