ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের সামনে ডায়মন্ড হারবার, বিতর্কে কামিংস
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি সেমিফাইনালে উঠেছে জামশেদপুর এফসিকে পরাস্ত করে। এবার ফাইনালে ওঠার লক্ষ্যে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।
ডুরান্ড কাপের সেমিফাইনালের সূচি প্রকাশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে আগামী বুধবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাতটা থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে নামবে লাল হলুদ। তার আগের দিন শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি।

এদিকে, গতকাল ডার্বি শেষ হতেই দুই ক্লাবের কর্মকর্তাদের বিবৃতির লড়াই অন্য মাত্রায় পৌঁছেছে। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেছেন, ইস্টবেঙ্গল তো সুপার জায়ান্টকে হারিয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামলে দেখিয়ে দেব। আমাদের ফুটবলাররা সকলে ফিট নন। ফুটবলারদের মধ্যে তেমন বোঝাপড়া তৈরি হয়নি। অভিষেক সিংকে সেভাবে চেনেন না দিমি। ইস্টবেঙ্গল এগিয়েই ছিল। ওরা সিনিয়র দলকে কলকাতা লিগে খেলিয়েছে। লিস্টন কোলাসোর ফ্রি কিক ক্রসবারে না লাগলে ফলাফল অন্যরকম হতে পারতো।
ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের পাল্টা জবাব, খেলায় হার-জিত থাকবে। তাই বলে প্রতিপক্ষের কৃতিত্বকে এভাবে কটাক্ষ করা বাঞ্ছনীয় নয়। ওদের (মোহনবাগান) অবস্থা তো বৃষ্টিতে রাস্তায় নেমে অন্যের ছাতার তলায় মাথা ঢুকিয়েছে। কাদের লাইসেন্স নিয়ে খেলে? মোহনবাগান কতবার আইএসএল জিতেছে? কতবার ডুরান্ড জিতেছে? এ সব তুলে রাখলাম, পরে উত্তর দেব। গতবারেও আমাদের দল ভালো ছিল। যে কোনও কারণেই হোক কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। এবার অনেক হিসেব করে, পরিকল্পনা করেই এগোচ্ছে দল। কৃতিত্ব কোচের। আমরা সব টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে থাকি।
ডার্বিতে থেকে গেল বিতর্ক। ইডেনে সমর্থকদের দিকে মধ্যমা দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করেছিলেন ভারতীয় দলের কোচ গ্রেগ চ্যাপেল। এবার আরেক অস্ট্রেলীয় মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়ালেন। টিম বাস থেকে মোহনবাগানের তারকা জেসন কামিংস ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যমা দেখান। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েছেন কামিংস।












Click it and Unblock the Notifications