সব কিছু ঠিকঠাক থাকলে বসুন্ধরার সঙ্গে বৈঠক করতে চলতি সপ্তাহেই বাংলাদেশে যাচ্ছে ইস্টবেঙ্গল
সব কিছু ঠিকঠাক থাকলে বসুন্ধরার সঙ্গে বৈঠক করতে চলতি সপ্তাহেই বাংলাদেশে যাচ্ছে ইস্টবেঙ্গল
প্রত্যাশা মতোই বাংলাদেশে যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি দল। কিছু দিন আগেই কলকাতায় বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম শোভন আনভীরকে সংবর্ধিত করেছে লাল-হলুদ। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর হাতে ক্লাবের আজীবন সদস্য পদ তুলে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। হঠাৎ কোনও কারণ ছাড়া কী কারণে বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরকে কলকাতায় ডেকে এনে সংবর্ধিত করল ইস্টবেঙ্গল তা নিয়ে চর্মচক্ষুতে প্রশ্ন থাকলেও ওপেন সিক্রেট যে বসুন্ধরাকে ইনভেস্টার বা স্পনসর হিসেবে পেতে চায় ইস্টবেঙ্গল।

এই বিষয়ে দ্রুত চুক্তি সারতে উদ্যোগী দুই পক্ষই। বসুন্ধরা চায় ইস্টবেঙ্গলের মতো এশিয়ার অন্যতম সেরা ক্লাবে ইনভেস্ট করে নিজেদের পরিচিতি আরও বাড়াতে, অন্য দিকে, লাল-হলুদের লক্ষ্য নতুন ইনভেস্টার জোগাড় করে ভবিষ্যতের রাস্তা মসৃণ করা। বিশ্বস্ত সূত্রে খবর, চুক্তি নিয়ে কথা বলার জন্য ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে যেতে পারে। তিন সদস্যের মধ্যে দেবব্রত সরকার (নীতু) এবংএক নীতু ঘনিষ্ঠ আধিকারিক ছাড়াও থাকবেন এক আইনজীবি।
বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে ইস্টবেঙ্গলের কাছে আমন্ত্রণ পত্র এসেছে। এই সপ্তাহের মধ্যেই সে দেশে পারি দিতে চায় ইস্টবেঙ্গলের প্রতিনিধি দল। কলকাতার ক্লাবে বিনিয়োগের বিষয়ে দুই পক্ষের মধ্যে একাধিক বার কথপোকথন হয়েছে। এই মরসুম শেষ হলেই চুক্তি ছিন্ন করে বিদায় নেবে শ্রী সিমেন্টস। সেই জায়গায় নতুন ইনভেস্টারের খোঁজে থাকা ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা পাখির চোখ করেছেন বসুন্ধরা গ্রুপকেই। তবে, ইনভেস্টার না হলেও বড় স্পনসর হিসেবে লাল-হলুদের সঙ্গে জুড়বে বসুন্ধরা।
আসন্ন মরসুমে অর্থাৎ ২০২২-২৩ মরসুমে কলকাতা লিগ. ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড সহ একাধিক টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদের সাবেক কর্তারা। তাঁরা স্থির করেছে শুধু আইএসএল নয়, সব ধরনের টুর্নামেন্টেই অংশ নেবে ইস্টবেঙ্গল। সে জন্য দলগড়ার কাজও শুরু হয়ে গিয়েছে, প্রাক্তন ফুটবলারদের তত্ত্বাবধানে।
বাংলাদেশ ফুটবলে বেশ ভাল মতো আধিপত্য রয়েছে বসুন্ধরা গ্রুপে। সে দেশে তিনটি বড় ক্লাবের স্পনসর বসুন্ধরা। যার মধ্যে একটি বসুন্ধরা কিংস। দেশের সীমানা ছাড়িয়ে এ বার নিজেদের অস্তিস্ব বিদেশের মাটিতেও রাখতে চায় বসুন্ধরা এবং সেই কারণেই ইস্টবেঙ্গলে ইনভেস্ট করার বিষয়ে আরও বেশি উৎসাহ দেখাচ্ছে তারা। চলতি মরসুমে আইএসএল-এ খুবই খারাপ ছন্দে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। এখনও একটি ম্যাচ বাকি থাকলেও শেষ স্থানেই শেষ করবে এ বারের লিগ।












Click it and Unblock the Notifications