ডার্বি জমিয়ে দিল মহমেডান, কল্যাণীতে প্রথম পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল
কলকাতা লিগে জমজমাট ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ। ২-২গোলে ম্যাচ ড্র করল খালিদ জামিলের ছেলেরা।
আরও জমে গেল কলকাতা লিগের ডার্বি। পুজোর ঠিক আগেই ফুটবল মাঠে হবে বহু প্রতিক্ষীত মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। শনিবারের কল্যাণী সেই লড়াইকে আরও উত্তেজক করে দিল। এর আগে মোহনবাগান একটি ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়ে খানিকটা অ্যাডভানটেজ দিয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার ঠিক একই জায়গাতে পৌঁছে গেল ইস্টবেঙ্গলও। মহমেডানের সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল।

এদিনের ম্যাচে শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল ইস্টবেঙ্গল। শনিবাসরীয় কল্যাণী স্টেডিয়ামে দুপুর বেলায় যেন জন সমুদ্র। লালহলুদ সমর্থকরা ম্যাচের দু 'মিনিটের মধ্যে উল্লাসে ফেটে পড়েন। গোল করে দলকে এগিয়ে দেন আল আমনা। রফিকের ফ্রি কিক হেডে পৌঁছে দেন সিরিয়ান বিদেশির কাছে। বুক দিয়ে বল নামিয়ে নিয়ে ডান পায়ের ভলিতে বল মহমেডানের গোলে পৌঁছে দেন। এগিয়ে গিয়ে একের পর আক্রমণ শানায় লালহলুদ। কিন্তু এদিন যেন ভাগ্যদেবী তাদের সঙ্গে ছিল না। গোটা ম্যাচে ৩ টি অবধারিত গোল পোস্টে লাগে। তবে ১৮ মিনিটে জিতেন মূর্মূর গোলে সমতায় ফেরে মহমেডান স্পোর্টিং। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।

এদিকে দ্বিতীয়ার্ধে আক্রমণ -প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচে ৬৭ মিনিটে গোল করে এগিয়ে যায় মহমেডান। দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে জিতেন মূর্মু দারুণ পাস দেন আর সেই শট নির্দিষ্ট লক্ষ্যে পৌঁঠে দেন দিপান্ডা ডিকা। ২-১ গোলে পিছিয়ে পড়ে খোঁচা খাওয়া বাঘের মত আক্রমণ শানাতে শুরু করেন খালিদ জামিলের ছেলেরা। এই সময়ে দলে পরিবর্তন করে কেভিন লোবো, সোহরাবউদ্দিন মল্লিককে নামানোর পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। এই বদলের সুফলও পায় লালহলুদ। ৮৭ মিনিটে লোবোর পাস থেকে দুরন্ত গোল করে যান উইলিস প্লাজা। খেলার ফল হয়ে যায় ২-২।
এদিকে ম্যাচ শেষের ঠিক একটু আগে মহমেডান রেফারির সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন মহমেডান কর্মকর্তারা। যদিও উত্তেজনা খুব বেশি ছড়ায়নি। ম্যাচ শেষ হয় ২-২ গোলে।
এবারের কলকাতা লিগে এই প্রথম পয়েন্ট খোয়ালো ইস্টবেঙ্গল। ফলে মেগা ম্যাচের আগে মোহনবাগানের সঙ্গে একদম একই পয়েন্টে রইল তারা।












Click it and Unblock the Notifications