মনোরঞ্জন-সুভাষ দ্বৈরথকে কেন্দ্র করে তাল ঠুকছে কলকাতা ময়দান
আজ কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আটবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং টালিগঞ্জ অগ্রগামী।
আর কয়েক ঘন্টার অপেক্ষা তার পরই আনুষ্ঠানিক ভাবে ঢাকে কাঠি পড়ে যাবে বাঙালির ফুটবল মরসুমের। কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আটবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং টালিগঞ্জ অগ্রগামী।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার কয়েক ঘন্টা আগে লাল-হলুদ কোচ সুভাষ ভৌমিক কিন্তু জানিয়ে দিলেন তাঁর দল তৈরি। ময়দানের ভোম্বল দা বললেন, 'লিগের প্রথম ম্যাচে নামার জন্য দল তৈরি। এবারের লিগে বিদেশী নির্ভর ফুটবল ইস্টবেঙ্গল খেলবে না। আমনা দলে থাকলেও ও থাকবে বেঞ্চে। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে নামানো হবে ওকে। এছাড়া তরুণ ছেলেদের দিয়েই ম্যাচ খেলাতে চাই। কারণ মূল লক্ষ্য ভারত সেরা হওয়া।'
বিদেশীদের না খেলানোর প্রসঙ্গে সুভাষ আরও বলেন, 'তরুণদের তৈরি করার ভাল মঞ্চ এটা। এখানে যত ম্যাচ খেলার সুযোগ পাবে তরুণ ফুটবলাররা, তত ওদের আত্মবিশ্বাস বাড়বে, যেটা পরবর্তী সময়ে কাজে লাগবে।'
অন্য দিকে, ইস্টবেঙ্গল-টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচকে অন্য মাত্রা যেটা দিচ্ছে, তা হল ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য বনাম সুভাষ ভৌমিকের দ্বৈরথ। দু'জনেই ইস্টবেঙ্গলের ঘররের ছেলে। কিন্তু আজ লাল-হলুদেরই প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে প্রথমবার ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়ন করা মনোরঞ্জন।
ম্যাচের আগে ময়দানের প্রিয় মনা দা এবং লাল-হলুদ সমর্থকদরে চোখের মণি মনোরঞ্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছি, চেষ্টা করব সীমিত ক্ষমতার মধ্য দিয়ে ভাল কিছু করার। বিশেষ কোনও অনুভূতি নেই। লাল-হলুদ রঙটাকে আমি ভালবাসি। ইস্টবেঙ্গলকে আমি ভালবাসি। তবে আজ যখন টালিগঞ্জের টিডি হিসেবে মাঠে থাকব তখন টালিগঞ্জের জেতানোর চেষ্টা করব।
এখন দেখার ইস্টবেঙ্গলের দুই ঘরের ছেলের লড়াইয়ে শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়তে পারেন কে! যদি মনোরঞ্জন ভট্টাচার্য কিন্তু জানিয়ে দিয়েছেন তাঁর সঙ্গে সুভাষ ভৌমিকের লড়াই হিসেবে এই ম্যাচকে দেখছেন না তিনি। তবে, মনার মুখের কথায় কী আর সমর্থকদের আবেগ চাপা পড়বে। ময়দানে কান পাতলেই চুম্বকে এখন একটাই কথা মনা বনাম ভোম্বল দ্বৈরথ!












Click it and Unblock the Notifications