শতবর্ষে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ইস্টবেঙ্গল, সমর্থকদের সুরক্ষায় বড় উদ্যোগ
শতবর্ষে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ইস্টবেঙ্গল, সমর্থকদের সুরক্ষায় বড় উদ্যোগ
কোয়েস দ্বন্দ্বকে পিছনে সরিয়ে শতবর্ষে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ইস্টবেঙ্গল। এই দুর্দিনে সমর্থকদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল লাল-হলুদ শিবির। একই সঙ্গে তাঁদের সঙ্গে গাঁটছড়া বাঁধা কুড়ি জন নতুন ফুটবলারকে চুক্তিপত্র পাঠিয়ে বাহবাও কুড়োল আই লিগের রানার্স ক্লাব।

মহামারী করোনা ভাইরাস
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন চার লক্ষ কুড়ি হাজারেরও বেশি মানুষ। কেবল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে আট হাজারেরও বেশি মানুষের। করোনা আক্রান্ত ২১৩টি দেশের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ।

বাংলায় করোনা
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় দশ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪৪২ জন। দেশের করোনা আক্রান্ত রাজ্যগুলির তালিকার অষ্টম স্থানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। তা সত্ত্বেও কলকাতা সহ রাজ্যের শহরতলি এলাকাগুলিতে জনজীবন কার্যত স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

ইস্টবেঙ্গলের উদ্যোগ
করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে সমর্থকদের হাতে ক্রয়মূল্যে স্যানিটাইজার তুলে দেওয়ার উদ্যোগ নিতে চলেছে শতবর্ষ পেরনো ইস্টবেঙ্গল ক্লাব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে তারা জানিয়েছে, ২০ জুন থেকে ক্লাব তাঁবুতেই মিলবে এই স্যানিটাইজার। রবিবার ছেড়ে সবদিন দুপুর ১টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে সেটি সংগ্রহ করা থাকবে। ওই স্যানিটাইজারের লেভেলে ক্লাবের লোগো আঁকা থাকবে। সঙ্গে মারণ ব্যাধির হাত থেকে বাঁচতে ক্লাবের সদস্য এবং সমর্থকদের বিনামূল্যে দেড় লক্ষ মাস্ক বিলি করার কথাও জানিয়েছেন ইস্টবেঙ্গলের কর্তারা।

ফুটবলারদের চুক্তিপত্র
কোয়েসের সঙ্গে দ্বন্দ্ব এবং বেনিয়মের জল্পনা উড়িয়ে অবশেষে আগামী মরশুমের জন্য সই করা ফুটবলারদের চুক্তিপত্রের প্রতিলিপি পাঠাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। করোনা ভাইরাসের জেরে লকডাউনে ফুটবলাররা ক্লাব তাঁবুতে আসতে না পারায় মেল মারফত এই কাজের প্রক্রিয়া শুরু হয়েছে বলে লাল-হলুদ শিবিরের তরফে জানানো হয়েছে। কোয়েসের সঙ্গে টানাপোড়েনের ভিত্তিতে খবর রটে গিয়েছিল যে আগামী মরশুমের জন্য সই করা নতুন ২০ জন ফুটবলারদের চুক্তিপত্রের প্রতিলিপি ফেরত দিতে পারবে না ইস্টবেঙ্গল। সেই জল্পনা উড়িয়ে দিয়েছে লাল-হলুদ। সেক্ষেত্রে কোয়েস সংক্রান্ত জটিলতা পুরোপুরি মিটে গিয়েছে কিনা, তা নিয়ে কিছু আভাস দেননি ইস্টবেঙ্গল কর্তারা।












Click it and Unblock the Notifications