East Bengal: এএফসি চ্যালেঞ্জ লিগে কোন গ্রুপে ইস্টবেঙ্গল? কাদের সঙ্গে কবে পড়ল লাল হলুদের ম্যাচ?
East Bengal: ইস্টবেঙ্গল খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগে। আজ কুয়ালালামপুরে এএফসি-র সদর দফতরে চূড়ান্ত হয়ে গেল গ্রুপবিন্যাস ও সূচি।
ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ এ-তে। লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ভুটানের পারো এফসি রয়েছে এই গ্রুপে।

কলিঙ্গ সুপার কাপ জেতার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। যদিও আলতিন আসির এফসির কাছে কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দল ২-৩ গোলে হেরে যায়। ২০১৫ সালে এএফসি কাপের পর ফের লাল হলুদ এএফসির কন্টিনেন্টাল ক্লাব কম্পিটিশনে খেলবে।
২০১৩ সালে এএফসি কাপে ইস্টবেঙ্গল সেমিফাইনাল অবধি পৌঁছেছিল। ইস্টবেঙ্গলের গ্রুপে থাকা নেজমেহ এসসি ২০০৫ সালে এএফসি কাপের রানার-আপ। গত মরশুমে লেবানিজ প্রিমিয়ার লিগ জেতায় তারা এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
The quest towards the #ChallengeLeague 👑 crown begins for 1️⃣8️⃣ sides!
— #ChallengeLeague (@TheAFCGL) August 22, 2024
Group Stage 📆 October 26 - November 2, 2024 pic.twitter.com/tAaz0T8FSK
২০১০ সালে এএফসি কাপের গ্রুপ পর্যায়ে নেজমেহ-র কাছে অ্যাওয়ে ম্যাচে তিন ও ঘরের মাঠে চার গোল হজম করে হেরে গিয়েছিল লাল হলুদ, কোনও গোল করতে পারেনি। গত মরশুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। এএফসি ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে এই নিয়ে টানা পঞ্চমবার খেলবে বাংলাদেশের ক্লাবটি।
২০২৩ সালে ভুটান প্রিমিয়ার লিগের বিজয়ী দল পারো এফসি রয়েছে ইস্টবেঙ্গলের গ্রুপে। এই প্রথম তারা এএফসির টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপালের চার্চ বয়েজ ইউনাইটেডকে কোয়ালিফাইং রাউন্ডে পরাস্ত করে। এএফসি চ্যালেঞ্জ লিগে ১৮টি দলকে রাখা হয়েছে পাঁচটি গ্রুপে।
অক্টোবরের ২৬ থেকে নভেম্বরের ২ তারিখ অবধি রাউন্ড রবিন ফরম্য়াটে সব দল একে অপরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ এ-র খেলাগুলি আয়োজনের দায়িত্বে পারো এফসি। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলতে হবে ইস্টবেঙ্গলকে।
মোট ৮টি দল গ্রুপ পর্ব থেকে পরবর্তী রাউন্ডে যাবে। ওয়েস্ট জোন (যাতে ইস্টবেঙ্গল রয়েছে) গ্রুপগুলির শীর্ষ স্থানাধিকারী তিনটি দলের সঙ্গে সেরা রানার-আপ কোয়ার্টার ফাইনালে যাবে। ২০২৫ সালের ৫ থেকে ১৩ মার্চের মধ্য়ে হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে থাকবে দুটি লেগ, যা হবে এপ্রিলের ৯ ও ১৭ তারিখ। ২০২৫ সালের ১০ মে এএফসি চ্যালেঞ্জ লিগের ফাইনাল।












Click it and Unblock the Notifications