East Bengal Day 2023:অনুপস্থিত রতন টাটা, উন্মাদনা ‘টিম কুয়াদ্রাত’-কে ঘিরে, প্রতিষ্ঠা দিবসেই ঘুড়ে দাঁড়ানোর শপথ
২৯ জুলাই যদি ময়দানের রঙ হয় সবুজ মেরুন, তবে ১ অগাস্ট অবশ্যই লাল হলুদ। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার ছিল ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস। সন্ধ্যায় প্রথা অনুযায়ী ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা ক্লাবের পক্ষ থেকে। মূল আকর্ষণ ছিলেন রতন টাটা। কিন্তু কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন বর্ষীয়ান এই শিল্পপতি।
ক্লাবের পক্ষ থেকে আগেই 'ভারত গৌরব' সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল টাটা সন্স এর চেয়ারম্যান ইমেরিটাস শ্রী রতন টাটাকে। সিঙ্গুর অধ্যায়ের পর থেকেই বঙ্গ সফর কিছুটা এড়িয়েই চলেন রতন টাটা। সেই ধারা কী বজায় রাখলেন ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্টানেও।

যদিও ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, 'লাল হলুদের ভারত গৌরব সম্মান পাওয়ায় অত্যন্ত গর্বিত এবং খুশি তিনি। খুব তাড়াতাড়ি তিনি সময় দেবেন এবং মুম্বইয়ে গিয়ে কর্তারা তাঁর সম্মান প্রদান করবেন।' কিন্ত ভারত গৌরবহীন হওয়ায় অনুষ্ঠানের রং যেন কিছুটা হলেও ফিকে করল।
তবে টাটাহীন অনুষ্ঠানে উন্মাদনা বজায় থাকল দলকে নিয়ে। বিগত তিন বছর ক্লাবের অনুষ্ঠানে ফুটবল দলের এমন গৌরবময় উপস্থিতি দেখা যায়নি। টিম কুয়াদ্রাত প্রবেশ করতেই করতালিতে ফেটে পড়ল সভাগৃহ। হারের হতাশা ভুলে এই অনুষ্ঠান থেকেই যেন ঘুড়ে দাঁড়ানোর শপথ লাল হলুদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ও সচিব সাজি প্রভাকরন। বাকি দুই প্রধানের কর্তারাও হাজির শুভেচ্ছার ফুল মিষ্টি নিয়ে। বৃষ্টি ভেজা সন্ধ্যায় মিশে গেল লাল হলুদ, সবুজ মেরুন, সাদা কালো।

ব্যোমকেশ বোস মেমোরিয়াল 'জীবনকৃতি সম্মানে সম্মানিত' হলেন প্রাক্তন গোলরক্ষক শ্রী তরুণ বোস। ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল 'জীবনকৃতি সম্মান পেলেন প্রাক্তন ক্রিকেটার শ্রী অরূপ ভট্টাচার্য। অজয় বোস মেমোরিয়াল 'সাংবাদিক' সম্মানে সম্মানিত করা হল শ্রী প্রদীপ রায়কে। পুষ্পেন সরকার মেমোরিয়াল 'সাংবাদিক' সম্মানে সম্মানিত করা হল শ্রী অরুন সেনগুপ্তকে।
প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল 'রেফারি' সম্মান পেলেন শ্রী অরুনাভ দাসকে। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল 'রেফারি' সম্মানে সম্মানিত করা হল মেহবুব হোসেনকে। বনোয়ারীলাল রায় মেমোরিয়াল 'বছরের সেরা ফুটবলার' হলেন ক্লেইটন সিলভা। জীবন চক্রবর্তী মেমোরিয়াল 'বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের' সম্মানে পুরস্কার পেলেন ফুটবলার মহেশ সিং নাওরেমকে।
গোপাল বোস মেমোরিয়াল 'বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়' সম্মানে সম্মানিত করা হল অঙ্কুর পালকে। স্বপন বল মেমোরিয়াল 'সমর্থক' সম্মানে সম্মানিত করা হল শ্রী সাগ্নিক ব্যানার্জি ও প্রদীপ দাসকে।চলতি বছরে নতুন অন্তর্ভুক্ত 'আত্মজন স্মৃতি' সম্মানে সম্মানিত করা হল প্রাক্তন ফুটবলার প্রয়াত মোনেম মুন্নাকে। সম্মাননা গ্রহণ করলেনপ্রয়াত মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম ও পুত্র আজমান সালিদ।

'আত্মজন প্রীতি' সম্মান পেলেন প্রাক্তন খেলোয়াড় বাংলাদেশের শেখ মহম্মদ আসলাম, রুমি রিজভী করিম ও মহম্মদ গোলাম ঘাউসকে। একইসঙ্গে 'আত্মজন প্রীতি' সম্মানে সম্মানিত করা হল বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী মেহরিন মাহমুদ ও বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের প্রাক্তন সম্পাদক হারুনুর রশিদকে।
অনুষ্ঠানের শেষ লগ্নে বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী মেহরিন মাহমুদ এবং তাঁর গ্ৰুপ সংগীত পরিবেশন করেন।
মঙ্গলবার সকালে চিরাচরিত প্রথা মেনে সকাল বেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। উপস্থিত ছিলেন কর্তা, সমর্থক থেকে জুনিয়র ফুটবলাররা। পাশাপাশি পতাকা উত্তোলন ও কেকে কাটাও হয়।












Click it and Unblock the Notifications