৯৮ তম জন্মদিনে রঙিন লালহলুদ, বল পায়ে নেমে পড়লেন নতুন বিদেশিরা
ক্লাব তাঁবুতে সকাল থেকেই সাজোসাজো রব। পালিত হল ইস্টবেঙ্গলের ৯৮ তম জন্মদিন।
দিনটা ১ অগাস্ট। ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন। তবে অনুশীলনে কোনও খামতি নেই। এদিনই বল পায়ে অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি কার্লাইল মিচেল। কলকাতার পরিবেশ তাঁর কাছে নতুন। তবে লালহলুদে আসার আগেই প্লাজার থেকে ইস্টবেঙ্গল সম্পর্কে খোঁজ নিয়েছেন। জেনেছেন ডার্বির কথাও। বড়ো ম্যাচ খেলতে মুখিয়ে আছেন তিনি। স্টপার হলেও গোল করতে ভালোবাসেন।

সেটপিস থেকে তাঁর অনেক গোল আছে।এমনকি জাতীয় দলের হয়েও গোল করার কৃতিত্ব আছে তাঁর। এবার লালহলুদ জার্সি গায়ে সেই কাজটা করতে চাইছেন। জেনেছেন আই লিগ না পাওয়ার হতাশা রয়েছ সমর্থকদের মধ্যে। সমর্থকদের আশ্বস্ত করে কার্লাইল বলছেন, এবার ইস্টবেঙ্গল আই লিগ জিতবে। বলছেন, 'আমরা মাঠে ১০০ শতাংশ দেব।'

এদিকে জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই সাজো সাজো রব ইস্টবেঙ্গলে। লালহলুদ রঙের বেলুনে সেজেছে ক্লাব তাঁবু। একদিন আগেই ক্লাব তাঁবুতেই বসেছিল স্মরণ সভা স্বপন বলের স্মৃতির উদ্দেশ্য। তাই সামাণ্য বিষাদের ছায়াও ছিল। তবে সময় থেমে থাকে না। ক্লাবের ঐতিহ্য, সংস্কৃতিও মাথায় রেখে তাই মঙ্গলবার প্রতিষ্ঠা দিবসে নিয়ম মেনেই সকাল ১০টায় পতাকা-উত্তোলন হল। করলেন অর্ণব মণ্ডল। সঙ্গে ছিলেন দলের অন্য ফুটবলাররা। ছিলেন কোচ খালিদ জামিলও। প্রদীপ জ্বালান অলোক মুখোপাধ্যায়।

৯৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরে ক্লাব তাঁবুতে কাটা হয় কেক। সেই সময় ফুটবলারদের সঙ্গে ছিলেন কর্তারাও। এমন করে ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন করতে দেখে অভিভূত দুই বিদেশি ফুটবলার মিচেল এবং প্লাজা। প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান বিকেল ৫টায় নেতাজি ইনডোরে। যেখানে 'ভারতগৌরব' দেওয়া হবে ধনরাজ পিল্লাইকে। জীবনকৃতি পাবেন সৈয়দ নঈমুদ্দিন এবং সুভাষ ভৌমিক।












Click it and Unblock the Notifications