এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব, তাঁবুতে সেলিব্রেশন
East Bengal: এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পর আজ দুপুরে শহরে ফিরল ইস্টবেঙ্গল দল। বিমানবন্দরে ক্লাব কর্তারা ও সমর্থকরা জড়ো হয়েছিলেন লাল হলুদ বাহিনীকে স্বাগত জানাতে।
বিমানবন্দর থেকে সোজা বাসে করে ইস্টবেঙ্গল ক্লাবে পৌঁছয় গোটা দল। রীতি মেনে পতাকা উত্তোলন হলো। সমর্থকরা মাতলেন উচ্ছ্বাসে।

আইএসএলে টানা ৬টি ম্যাচে হেরে জেরবার দল। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল গিয়েছিল এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে। শেষ ম্যাচে নেজমেহ এফসি-কে ৩-২ গোলে পরাস্ত করে শেষ আটের টিকিট কনফার্ম করে লাল হলুদ। গ্রুপের শীর্ষস্থানের দখল নিয়ে। এই ম্যাচ হারায় ছিটকে যায় নেজমেহ।
বাবা মুসার ৮ মিনিটে করা আত্মঘাতী গোলের সৌজন্যে গতকাল লেবাননের নেজমেহর বিরুদ্ধে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ১৫ মিনিটে দিমিত্রি দিয়ামান্তাকোসের গোলে ব্যবধান বাড়ে। ১৮ মিনিটে কলিন্স ওপার নেজমেহর প্রথম গোলটি করেন। ৪৩ মিনিটে হুসেন মন্থার গোল করায় বিরতিতে খেলার ফলাফল ছিল ২-২।
কর্নারের সময় নন্দকুমার সেকরকে নেজমেহর ফুটবলার ফেলে দিলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। দিয়ামান্তাকোস জয়সূচক গোলটি করেন। ম্যাচে সমতা ফেরাতে নেজমেহ মরিয়া চেষ্টা চালিয়েও হার বাঁচাতে পারেনি। বেশ কয়েকটি ভালো সেভ করেন লাল হলুদ গোলরক্ষক প্রভসুখন গিল।
ভুটানে অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলায় পারো এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হারায় ৪-০ গোলে, সব গোলই হয়েছিল প্রথমার্ধে। এরপর গতকালের জয়। লাল হলুদের কর্তা দেবব্রত সরকারের দাবি, সাম্প্রতিক অতীতে লেবাননের কোনও দলকে হারিয়ে ভারতের কোনও দল এএফসির টুর্নামেন্টের নক-আউটে যায়নি।
ইস্টবেঙ্গলের আইএসএলে পরবর্তী ম্যাচ মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। নভেম্বরের ১১ তারিখ। এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের সাফল্য আইএসএলে ঘুরে দাঁড়াতে ইতিবাচক ভূমিকা নেবে বলে আশাবাদী কোচ অস্কার ব্রুজো ও ফুটবলাররা। আজ বিমানবন্দর থেকে ক্লাব তাঁবুতে ইস্টবেঙ্গল দলকে নিয়ে মাতামাতি লক্ষ্য করা গেল সমর্থকদের মধ্যে।
এএফসির টুর্নামেন্টে দেশের মান উজ্জ্বল করে ফিরেছে ইস্টবেঙ্গল। গ্রুপ 'এ'-র চ্যাম্পিয়ন দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রুজোর প্রশিক্ষণাধীন দল। আজ সেই দলের সকলের উপস্থিতিতে প্রথাগত রীতি মেনে ক্লাব তাঁবুতে ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাব সভাপতি মুরারী লাল লোহিয়া। ছিলেন ক্লাবের কার্যকরী সমিতির সদস্য ও সভ্য-সমর্থকরা।
ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ বেশ শক্তিশালী দল। তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের বিরুদ্ধে খেলতে হবে লাল হলুদকে। ২০২৫ সালের ৫ ও ১২ তারিখ দুই লেগের কোয়ার্টার ফাইনাল হবে। ২০১৩ সালে এএফসি কাপের সেমিফাইনাল খেলেছিল ইস্টবেঙ্গল। তবে দুই লেগেই হেরে গিয়েছিল কুয়েতের আল কুয়েতের কাছে। তারপর এই প্রথম এএফসি টুর্নামেন্টের নক-আউটে উঠল লাল হলুদ।












Click it and Unblock the Notifications