কাসিম-ডিকার দুরন্ত লড়াইয়ে লাল-হলুদের শিকার পুলিশ
কলকাতা লিগের প্রথম ম্যাচেই পশ্চিমবঙ্গ পুলিশকে ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল।
টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় শুকনো মুখেই মাঠে ফিরতে হয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। তবে, আজ ঘরের মাঠে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে জয় দিয়েই নিজেদের লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।

লালরিনডিকা রালতে এবং কাসিম আইদারার গোলে ২-০ ব্যবধানে পশ্চিমবঙ্গ পুলিশকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল।
ম্যাচের ১৪ মিনিটে লাল-হলুদের হয়ে প্রথম গোল করেন ইস্টবেঙ্গলের বহু যুদ্ধের নায়ক লালরিনডিকা রালতে। কাসিমের পাস থেকে গোল করে যান ডিকা।
ম্যাচের প্রথমার্ধেই ফের ঝলসে ওঠে লাল-হলুদের তরুণ ব্রিগেড। বাঁ দিক দিয়ে ভেসে আসা চুলোভার ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করে যান কাসিম। এদিন দ্বিতীয়ার্ধে আল আমনাকে মাঠে নামান লাল-হলুদ টিডি সুভাষ ভৌমিক। যদিও গোল সংখ্যা আর বাড়েনি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন লালরিনডিকা রালতে।
লাল-হলুদের নয়া বিদেশি জনি অ্যাকোস্টা এদিন সাইডলাইনের বাইরে থেকেই তাঁর নতুন দলের খেলা দেখেন। মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় তাঁকে। কোস্টারিকার এই বিশ্বকাপারকে দেখার জন্য উপচে পড়েছিল ভিড়। সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মত। এদিন দলের আকোস্টাকে সঙ্গে নিয়ে সাইড লাইনে বসে খেলা দেখেন লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।












Click it and Unblock the Notifications