Durnad Cup 2023: সরকারিভাবে সূচি প্রকাশ, জেনে নিন ডার্বি ম্যাচের দিন ও সময়
জল্পনার অবসান, সরকারিভাবে ঘোষিত হল ডুরান্ড কাপের সূচি। আগামী ৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। সবুজ মেরুনের প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি ফুটবল দল। সন্ধ্যা ৫.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ।
গ্রুপ এ-তে মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে রয়েছে ইস্টবেঙ্গল, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, বাংলাদেশ আর্মি ফুটবল দল। ফলে এই গ্রুপে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ডার্বি ম্যাচ। কবে হবে ডুরান্ডের বড় ম্যাচ। তা নিয়ে জল্পনা চলছিল। একাধিক তারিখও প্রকাশ্যে এসেছিল।

রবিবার সকালে সরকারিভাবে ঘোষিত হল ডুরান্ড কাপের সূচি। ১২ অগাস্টে হবে গ্রুপ পর্বের বড় ম্যাচ। যুবভারতীতে বিকেল ৪.৪৫ মিনিটে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সবুজ মেরুনের আবেদন মানল না ডুরান্ড কমিটি। ১১ অগাস্ট নয় ১২ তারিখেই খেলতে হবে বড় ম্যাচ।
যা অস্বস্তি বাড়াল সবুজ-মেরুন শিবিরের। কারণ, ১৬ অগস্ট এএফসি কাপের খেলা রয়েছে মোহনবাগানের। ডুরান্ড কাপের আয়োজকরা চাইছে মূল দল নিয়েই ঐতিহ্যশালী এই প্রতিযোগিতায় খেলুক আইএসএল চ্যাম্পিয়নরা। কিন্তু ১২ আগস্ট যদি ডার্বি হয়, সে ক্ষেত্রে পরের দিনটা রি-হ্যাব করতেই কেটে যাবে। এএফসি কাপের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে মাত্র দুই'দিন সময় পাবেন কোচ জুয়ান ফেরান্দো।

কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ দল খেলাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা লিগের পাশাপাশি এবার ডুরান্ডে জুনিয়র দল খেলার প্রাথমিক চিন্তাভাবনা ছিল। কিন্তু ডুরান্ড কাপে কয়েকটি ম্যাচে সিনিয়র দলকে খেলানোর চিন্তাভাবনা শুরু হয়েছিল সবুজ মেরুনের অন্দরে। কিন্তু সূচি অনুসারে ডার্বিতে অন্তত সিনিয়র দল খেলানোর ঝুঁকি নাও নিতে পারে বাগান থিঙ্ক ট্যাঙ্ক।
ডুরান্ড কাপে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দল ৷ এমনটাই ইঙ্গিত দিয়েছেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত ৷ মূলত এএফসি কাপকে টার্গেট করেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷
ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে আগামী ৬ অগাস্ট, বাংলাদেশের দলটির বিরুদ্ধে। মহমেডানের প্রথম ম্যাচ ৪ অগাস্ট মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। বড় ম্যাচের আগে ৭ অগাস্ট রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে আরও একটি ম্যাচ রয়েছে সবুজ মেরুনের।

আসন্ন ডুরান্ড কাপে আইএসএলের ১২টি দল খেলছে। এ ছাড়া আইলিগের পাঁচটি দল খেলবে। ভারতীয় সেনার রয়েছে তিনটি দল। বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি করে দল এবং অসমের স্থানীয় একটি দল খেলবে প্রতিযোগিতায়।
দুই বছরের জন্য ডুরান্ড কাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। অর্থাৎ, ২০২৩ এবং ২০২৪ সালে সোনি স্পোর্টসের চ্যানেলে সরাসরি ডুরান্ড কাপ দেখা যাবে।












Click it and Unblock the Notifications