Durga Puja 2024: সবার উপরে মানবধর্ম, বাড়ির দুর্গাপুজোর আয়োজনে সামিল মেহতাব হোসেন
বুধবার থেকে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা প্রাণের পুজো দুর্গা পুজো। সারা বছর এই দিনগুলির জন্য অপেক্ষা করে উৎসব প্রিয় বাঙালি। চলতি বছরে শহরজুড়ে প্রতিবাদের আবহেই পুজোতেও সামিল হয়েছেন সাধারণ মানুষ। আগমনীর সুর আকাশ বাতাস ধ্বনিত হচ্ছে। সাধারণ মানুষের মতোই উৎসবে সামিল সমাজের সেলিব্রিটিরা।
রাজনীতিবিদ থেকে অভিনেতা বা ক্রীড়াবিদ অনেকই পাড়ার পুজোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন অথবা নিজের বাড়িতেই পুজোর আয়োজন করেন। এবার বাড়িতেই দুর্গা পুজোর আয়োজন করছেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। ধর্মের বেড়াজাল ভেঙে সম্প্রতির বার্তা দিলেন মেহতাব হোসেন। স্ত্রী মৌমিতা এবং শ্যালক দেবাশিস রায়ের উদ্যোগেই নিউটাউনের বাড়িতে দুর্গাপুজোর আয়োজনে সামিল হচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার।

মেহতাব এবং তাঁর স্ত্রী মৌমিতার পরিবারের সদস্যরা একত্রিতভাবে পুজোর আয়োজন করছেন। মেহতাবের মল্লিকপুরের বাড়ির বাসিন্দারও চলে আসছেন নিউটাউনে পুজোয় সামিল হতে। মেহতাব বলেন, 'সবার আগে আমরা মানুষ, মানবধর্ম আমাদের কাছে সবার উপরে। আমি পুজো উদ্বোধনে যাই, তাহলে পুজোর সঙ্গে যুক্ত না থাকার কোনও কারণ নেই। শাহরুখ-সলমনরাও পুজোর সঙ্গে যুক্ত থাকেন, কোনও সমস্যা হয় না। আমার ধর্ম আমার কাছে আবার আমার শ্যালকের ধর্ম তাঁর কাছে। এরমধ্যে কোনও সমস্যা নেই। পুজোর চারদিন বাড়িতেই থাকব। সব আত্মীয় স্বজনদের সঙ্গে।'
প্রথমবার বাড়িতে হচ্ছে দুর্গা পুজো। জাঁকজমক করেই পুজো করার পরিকল্পনা ছিল মেহতাবদের। পুজোর কয়েক মাস আগেই আরজি কর হাসপাতালে ঘটে দিয়েছে নারকীয় ঘটনা। চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদের আঁচ পড়েছে পুজোতেও। তাই সেই জন্যই পুজো করলেও খুব বড় আড়ম্বর করছেন না মেহতাব বা তাঁর পরিবার। ধর্ম যার যার উৎসব সবার। এই মন্ত্রই যেন বঙ্গ সমাজের উৎসবের সুর। জাতি-ধর্ম-বর্ণের উর্দ্বে উঠে মানবতাই যে পরমধর্ম। উৎসব যে মানুষকে একত্রিত করে।












Click it and Unblock the Notifications