Durand Cup 2024: ডুরান্ড কাপের সেমি ও ফাইনাল সরতে পারে কলকাতা থেকে, বিকল্প শহর কোনটি?
Durand Cup 2024: আরজি কর কাণ্ডের জেরে পুলিশ নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারায় আজকের কলকাতা ডার্বি বাতিল হয়েছে। যার প্রতিবাদে গর্জে উঠেছেন ফুটবলপ্রেমীরা।
সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদে ঝড় উঠেছে। বৃষ্টি উপেক্ষা করেই আজ ডার্বি বাতিলের মিছিলে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট ভক্তরা।

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ডার্বি হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা থেকে। বিকেল থেকেই সেই সময় অবধি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন দুই বড় প্রধানের সমর্থকরা। মিছিলে যোগ দিতে পারেন মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরাও।
পুলিশ-প্রশাসনের ডার্বি বাতিলের সিদ্ধান্ত ঘিরে সমালোচনার ঝড় উঠেছে তৃণমূল কংগ্রেসের অন্দরেও। অনেকেই বলছেন, ডার্বি বাতিলের সিদ্ধান্ত মোটেই সমর্থনযোগ্য নয়। আরজি করে তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। কর্মবিরতির সিদ্ধান্ত নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
সূত্রের খবর, আরজি কর কাণ্ডে যুক্তদের শাস্তির দাবি জানিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের ভক্তরা ব্যানার, টিফো নিয়ে মাঠে যাওয়ার পরিকল্পনা করেছেন। টিভি ও অ্যাপে সেই খেলা সারা বিশ্বে সম্প্রচারিত হয়। ফলে বিড়ম্বনা এড়াতেই ডার্বি বাতিলের সিদ্ধান্ত।
ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বি বাতিলের ফলে ১ পয়েন্ট করে পেয়েছে। সূচি এমনভাবে তৈরি হয়েছিল যাতে কলকাতাতেই লাল হলুদ ও সবুজ মেরুনের সব ম্যাচে পড়ে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা হলো না। আজ ডুরান্ড কাপের আয়োজকরা সূচি ঘোষণা করেছেন।
যে আটটি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে তাদের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরেই সিদ্ধান্ত হয়েছে ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনালটি হবে ২১ অগাস্ট শিলংয়ে। শিলং লাজং এফসির বিরুদ্ধে, সন্ধ্যা ৭টা থেকে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পাঞ্জাব এফসি কোয়ার্টার ফাইনাল হবে ২৩ অগাস্ট বিকেল চারটে থেকে জামশেজপুরে।
যা পরিস্থিতি তাতে ফাইনালেও কলকাতা ডার্বি হতে পারে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটি কলকাতাতেই রাখা হয়েছে, সেটি ২৩ অগাস্ট সন্ধ্যা ৭টা থেকে। যদিও সূত্রের খবর, সেমিফাইনাল ও ফাইনালও সরতে পারে কলকাতা থেকে।
৩১ অগাস্ট ডুরান্ড কাপ ফাইনাল। ততদিনে পরিস্থিতির কতটা উন্নতি হয় তার উপর সব কিছু নির্ভর করছে। যদিও আন্দোলনের ক্রমবর্ধমান ঝাঁঝ এবং প্রশাসনের কাঁপুনিতেই অনিশ্চিত হয়ে পড়েছে ডুরান্ডে দুই প্রধানের কলকাতায় ম্যাচ খেলার সম্ভাবনা।
সূত্রের খবর, ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল কলকাতা থেকে জামশেদপুরে সরানোর বিষয়েও ভাবনাচিন্তা চলছে। দুই প্রধানের সমর্থকরা ডার্বি বাতিলে এতটাই ক্ষুব্ধ ও ক্ষিপ্ত যে, তাঁরা পরিকল্পনা করছেন রাজ্যের বাইরেও ম্যাচের সময় গ্যালারি থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হওয়ার।












Click it and Unblock the Notifications