Durand Cup: বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি শুরু কামিংসদের, লিগে রেলের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে বাগান
শুক্রবার ডুরান্ড কাপে পাঞ্জাব এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাসভাবে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে মোহনবাগান এসজি। আগামী মঙ্গলবার ঘরের মাঠে সেমিফাইনাল ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। কোয়ার্টার ফাইনাল ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যেই সেমিফাইনালের প্রস্তুতি শুরু হয়ে গেল হোসে মলিনার দলের।
পাঞ্জাব এফসির বিরুদ্ধে কঠিন জয় পেয়ে সেমিফাইনানলের টিকিট নিশ্চিত করেছে সবুজ মেরুন ব্রিগেড। এবার লক্ষ্য ফাইনািলে স্থান নিশ্চিত করা। শুক্রবার বিকেলে ম্যাচ খেলে শনিবার ভোরে শহরে ফিরেছেন দিমিত্রি-কামিংসরা। কিন্তু কোনও ছুটি বা বিশ্রাম নয়। ভোরবেলা কলকাতায় ফিরে বিকেল বেলায় ক্লাবের মাঠে দলকে নিয়ে অনুশীলন শুরু করে দিলেন মলিনা।

মাঠে কিন্তু পুরো দমেই অনুশীলন হয়। অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে নিয়ে যাওয়া হয়নি জামশেদপুরে? ঘরের মাঠে সেমিফাইনালে খেলতে দেখা যাবে জেমিকে? শনিবার কিন্তু অনুশীলনে যথেষ্টই সাবলীল দেখিয়েছে তাঁকে। তবে ম্যাকলারেনকে ডুরান্ড কাপের সেমিফাইনালে খেলানো হবে কিনা তা নিয়ে এখনও প্রশ্ন থাকছে।
মোহনবাগান ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জিতলেও তিন গোল হজম করতে হয়েছে মোহনবাগান এসজির রক্ষণকে। ফলে বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামার আগে রক্ষণকে আরও শক্তিশালী করতে হবে মলিনাকে। ডার্বি ম্যাচ না হওয়ায় পাঞ্জাব এফসির বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামে মোহনবাগান এসজি। ম্যাচ জিতলেও বাগানের পারফরম্যান্স নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই।
শনিবারের অনুশীলন ছিল সম্পূর্ণভাবে ক্লোজ ডোর। কিন্তু যেটুকু জানা গিয়েছে, পুরো দলই অনুশীলন করেছে, এমনকি গত ম্যাচের ভুল ত্রুটি গুলি ফুটবলারদের শুধরে দিয়েছেন মলিনা। সব মিলিয়ে বাগানের মিশন এবার বেঙ্গালুরু।
অন্যদিকে, রবিবার কলকাতা লিগে মাঠে নামছে মোহনবাগান এসজির জুনিয়র দল। এই ম্যাচে বাগানের প্রতিপক্ষ রেলওয়েজ এফসি। ব্যারাকপুর স্টেডিয়ামে এই ম্যাচ হবে। লিগে একেবারেই ভালো জায়গায় নেই সবুজ মেরুন। এই ম্যাচে পুরো তিন পয়েন্ট না পেলে সুপার সিক্সের আশা আরও ক্ষীণ হবে। দুপুর তিনটে থেকে হবে এই ম্যাচ। মোহনবাগানের ম্যাচটি টিভিতে লাইভ সম্প্রচার হবে। অন্যদিকে, শনিবার স্থগিত থাকা ইমামি ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ হবে রবিবার দুপুর একটা থেকে। এই ম্যাচ আইএফএ-র পেজ থেকে লাইভ দেখানো হবে।












Click it and Unblock the Notifications