Durand Cup 2024: মোহনবাগান SG সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির সামনে, বিশালকে ভারতীয় দলে নেওয়ার দাবি
Durand Cup 2024: ডুরান্ড কাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত হয়ে গেল। আজ দুটি কোয়ার্টার ফাইনালেই টানটান লড়াই হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট জয় পেয়েছে সাডেন ডেথে।
বেঙ্গালুরু এফসিকে জয় ছিনিয়ে নিতে অপেক্ষা করতে হলো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে। ফলে দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।

চতুর্থ কোয়ার্টার ফাইনালে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির খেলা ছিল কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ইনজুরি টাইমের পাঁচ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন পেরেরা দিয়াজ। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়নি।
মোহনবাগান সুপার জায়ান্ট ও পাঞ্জাব এফসির দ্বৈরথের স্কোরলাইন নির্ধারিত সময়ে ৩-৩ ছিল। টাইব্রেকারে জেসন কামিংস প্রথম শট পোস্টে মারেন। ফলে চাপে পড়ে গিয়েছিল সবুজ মেরুন। বাগানের পরিত্রাতা হয়ে ওঠেন বিশাল কাইথ।
পাঞ্জাবের ক্রোয়েশিয়ান ডিফেন্ডার নভোসেলেচের শট প্রথমে আটকে দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। পাঁচটি করে শট নেওয়ার পর ফল ছিল ৪-৪। এরপর শুরু হয় সাডেন ডেথ। টাইব্রেকারের সপ্তম শট নিতে যান পাঞ্জাবের দেনেচন্দ্রম মিতেই। তাঁর শট রুখে দেন বিশাল।
টাইব্রেকারে বিশালের দুটি সেভের সৌজন্যেই সেমিফাইনালে পৌঁছে যায় গতবারের চ্যাম্পিয়নরা। এরপরই মোহনবাগান সুপার জায়ান্টের এক্স হ্যান্ডলে বিশালের ছবি পোস্ট করে লেখা হয় ভারতের সেরা গোলকিপার। এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করা হয় ভারতের হেড কোচ মানোলো মার্কুয়েজকে।
কেন না, গত ২১ অগাস্ট ইন্টার কন্টিনেন্টাল কাপের জন্য যে ২৬ জন ফুটবলারকে প্রস্তুতি শিবিরে ডাকা হয়েছে তাঁদের মধ্যে নেই বিশাল কাইথ। গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং ও প্রভসুখন সিং গিল- এই তিন গোলকিপারকে রাখা হয়েছে।
Best Keeper in India. Period. 😮💨#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/U51DODRo4Y
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 23, 2024
সোশ্যাল মিডিয়ায় বাগান সমর্থকরা দাবি তুলেছেন, ভারতীয় দলে বিশালকে নেওয়ার জন্য। মার্কুয়েজের দল বাছাই হাস্যকর বলেও অনেকে কটাক্ষ করেছেন। ২৭ অগাস্ট যুবভারতীতে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও নায়ক হয়ে ওঠার সুযোগ থাকবে বিশালের কাছে। তাঁর ফর্ম আশ্বস্ত রাখছে সবুজ মেরুন সমর্থকদের।
ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে শিলংয়ে ২৬ অগাস্ট বিকেল সাড়ে ৫টা থেকে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও শিলং লাজং এফসি। তার পরের দিন কলকাতায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি দ্বৈরথ। এখন দেখার, পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখিয়ে বিশাল কাইথ জাতীয় দলে জায়গা পান কিনা।












Click it and Unblock the Notifications