Durand Cup 2024: ডুরান্ড কাপে হার বাঁচাল মহমেডান, কাল অভিযান শুরু ইস্টবেঙ্গলের
Durand Cup 2024: ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট হতশ্রী ফুটবল খেললেও জয় দিয়ে অভিযান শুরু করেছে। যদিও ময়দানের আরেক প্রধান মহমেডান স্পোর্টিং আজ হার বাঁচিয়ে ড্র করল।
কাল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন লাল হলুদের দ্বৈরথ ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বি গ্রুপের মহমেডান ও ইন্টার কাশী সতর্কভাবেই শুরু করেছিল। তবে এরপর মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে থাকেন ইন্টার কাশীর এডমুন্ড লালরিনডিকা ও নিকোলা স্তোজানোভিচ। ৩৮ মিনিটে স্তোজানোভিচের গোলে এগিয়ে যায় ইন্টার কাশী।
বিরতিতে আরাতা ইজুনমির প্রশিক্ষণাধীন ইন্টার কাশী এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ইন্টার কাশী ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল। তবে গোল শোধের মরিয়া লড়াই চালাতে থাকে মহমেডানও। ২৫ গজ দূর থেকে অনবদ্য ফ্রি কিক থেকে গোল করে ৬২ মিনিটে মহমেডানকে সমতা ফেরাতে সাহায্য করেন অ্যাশলে কোলি। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি।
ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের জন্য শক্তিশালী দল আগেই ঘোষণা করে দিয়েছে। কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স। ক্লেটন সিলভা, নন্দকুমার সেকারদের সঙ্গে দিমিত্রি দিয়ামান্তাকো, মাদিহ তালাল, হিজাজি মাহের, সাহেল ক্রেসপো, নওরেম মহেশদের দেখার অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা।
গতবার ডুরান্ড কাপে রানার-আপ হয়েছিল ইস্টবেঙ্গল। হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বললেন, দল ডুরান্ড কাপের জন্য ভালোই প্রস্তুতি নিয়েছে। ধারাবাহিকতা দেখাতে বদ্ধপরিকর। বিগত ২৫ দিন ধরে প্রি সিজন হয়েছে। ধাপে ধাপে ফুটবলাররা যোগ দিয়েছেন। তবে সকলেই নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত। অদম্য মনোভাব স্পষ্ট করে। এবারও ফাইনালে পৌঁছনোই আপাতত টার্গেট কুয়াদ্রাতের।












Click it and Unblock the Notifications