Durand Cup 2024 Final: নর্থইস্টকে সমীহ মোহনবাগান সুপার জায়ান্টের, দুই শিবিরই কাপ জয়ে আত্মবিশ্বাসী
Durand Cup 2024 Final: ডুরান্ড কাপের ফাইনাল কাল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি।
মোহনবাগান সুপার জায়ান্ট কোয়ার্টার ও সেমিফাইনালে পেনাল্টি শ্যুটআউটে হারিয়েছে যথাক্রমে পাঞ্জাব এফসি ও বেঙ্গালুরু এফসিকে। নর্থইস্ট ইউনাইটেড ইন্ডিয়ান আর্মিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে, সেখানে শিলং লাজং এফসিকে হারায় ৩-০ গোলে।

ফাইনালের আগে বাগান কোচ হোসে মোলিনা বলেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার বিষয়টি ভালো। তবে মাঠে এগারোর বিরুদ্ধে এগারোর লড়াই। ফলে সেখানে অ্যাডভান্টেজ বলে কিছু নেই। ঘরের মাঠে খেলায় প্রত্যাশার চাপ নিশ্চিতভাবেই থাকবে। তবে তা সামলাতে তৈরি আমার দলের ফুটবলাররা।
মোহনবাগানের তারকা স্ট্রাইকার গ্রেগ স্টুয়ার্ট বলেন, ঘরের মাঠে দর্শকদের সামনে নামার কিছুটা চাপ অনুভূত হচ্ছে। কারণ, এটা ডু-অর-ডাই ম্যাচ। নর্থইস্টের দলও খুব ভালো। ফলে টাফ ম্যাচ হবে বলেই মনে হচ্ছে।
নর্থইস্ট ইউনাইটেডের হেড কোচ হুয়ান পেদ্রো বেনালি বলেন, কলকাতার দর্শকদের সামনে খেলার বিষয়টি অনবদ্য। আমাদের কিছু হারানোর নেই। আমরা ভালো ফুটবল খেলছি। এখানেও ফুটবলপ্রেমীদের সামনে আমাদের প্লেয়াররা সেটারা দিতে বদ্ধপরিকর। এই শহর অনবদ্য। এখানকার মানুষজনও।
মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইথ রয়েছেন স্বপ্নের ফর্মে। বাগানের আক্রমণভাগও শক্তিশালী স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংসের পাশাপাশি লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, মনবীর সিংরা থাকায়। অন্যদিকে, নর্থইস্ট গোটা টুর্নামেন্টে ১টি গোল হজম করেছে। অধিনায়ক মাইকেল জাবাকো ও মরক্কোর হামজা রেগরাগুইদের জন্য রক্ষণভাগ বেশ জমাট লাগছে।
নর্থইস্ট ইউনাইটেডের আক্রমণভাগের জিতিন এএমএস, নেস্তর আলবিয়াখ ও গিলেরমো ফার্নান্দেজ ভরসা জোগাচ্ছেন। মাঝমাঠ থেকে গোলের সুযোগ তৈরি করায় বড় ভূমিকা নিচ্ছেন মরক্কান মহম্মদ আলি বেমাম্মের। এই আবহে মোহনবাগান সুপার জায়ান্ট সমীহ করছে নর্থইস্টকে।
হোসে মোলিনা বলেন, নর্থইস্ট ভালো দল। সেটা গোটা টুর্নামেন্টের পারফরম্যান্সেই স্পষ্ট। উইঙ্গাররা ভালো। তবে আমাদের ফুটবলারের উপর আস্থা রয়েছে। আমরা সেরাটাই উজাড় করে দেব। নর্থইস্টের অধিনায়ক তথা স্প্যানিশ ডিফেন্ডার মাইকেল জাবাকো এদিন বলেন, মোহনবাগান সুপার জায়ান্টে বেশ কিছু ফুটবলার আছেন যাঁদের ব্যক্তিগত নৈপুণ্য অনস্বীকার্য। কিন্তু আমরা গেমপ্ল্যানের প্রয়োগ ঘটিয়ে কাপ জিততেই এসেছি।
সবুজ মেরুনের সামনে ১৮ বার ডুরান্ড কাপ জয়ের হাতছানি। নর্থইস্ট এখনও এই টুর্নামেন্টে জিততে পারেনি। হেড কোচ বেনালির কথায়, ওদের মতো আমাদের অস্ত্রও তৈরি। দারুণ একটা ম্যাচ হতে চলেছে। ম্যাচের শেষে সেরা দলকেই অভিনন্দন জানাতে প্রস্তুত থাকুন। ফাইনাল শুরু বিকেল সাড়ে ৫টা থেকে।












Click it and Unblock the Notifications