Durand Cup 2024: ডুরান্ড কাপে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, পিছিয়ে পড়েও বায়ুসেনার জালে ৩ গোল
Durand Cup 2024: ডুরান্ড কাপে জয় দিয়েই অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ৩-১ গোলে হারাল কার্লেস কুয়াদ্রাতের দল।
প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে তিন পয়েন্ট ঘরে তুলল গতবারের রানার-আপরা। লাল হলুদের এক্স হ্যান্ডলে জয়ের খবর জানিয়ে লেখা হলো, সবে তো খেলা শুরু গুরু!

ইস্টবেঙ্গল প্রায় পূর্ণশক্তির দলই নামিয়েছে ডুরান্ড কাপে। প্রিয় দলের খেলা দেখতে ভালো সংখ্যক সমর্থক স্টেডিয়ামে গিয়েছিলেন। তাঁদের হতাশ হতে হয়নি। প্রথম একাদশে ক্লাবে নবাগত মাদিহ তালাল, জিকসন সিং, ডেভিড লালহ্লানসাঙ্গা, মার্ক জোথানপুইয়াদের রেখেছিলেন কুয়াদ্রাত। সেই সঙ্গে ছিলেন নওরেম মহেশ সিং, হিজাজি মাহের, সাউল ক্রেসপোরা।
শুরু থেকেই আক্রমণে যায় লাল হলুদ। মহেশের ফ্রি কিক থেকে হেডে গোল করার পরিস্থিতি তৈরি করেছিলেন ডেভিড, তবে পোস্টে প্রতিহত হয় বল। এরপর ৬ মিনিটের মাথায় গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। প্রথম ১৫ মিনিট বায়ুসেনার অর্ধেই খেলা সীমাবদ্ধ থাকে।
যদিও ম্যাচের ১৯ মিনিটে অবশ্য সোমনন্দ সিংয়ের গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সৌরভ সাধুখাঁর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন বায়ুসেনার স্ট্রাইকার। এরপর রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ুসেনা। ফলে আক্রমণ তুললেও কাজের কাজটা হচ্ছিল না।
ম্যাচের ৪৩ মিনিটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। মাদিহ তালালের থেকে বল পেয়ে কিছুটা দৌড়ে বক্সে ঢুকে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ডেভিড। গোলকিপার অনেকটা এগিয়ে এসেছিলেন, কিন্তু ডেভিডের বুদ্ধিদীপ্ত প্রয়াসের কাছে হার মানেন।
লাল হলুদের হয়ে ডেভিডের করা প্রথম গোলে বিরতিতে ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে নওরেম ও ডেভিডকে তুলে নিয়ে গ্রিক ফরওয়ার্ড দিমিত্রি দিয়ামান্তাকোস ও পিভি বিষ্ণুকে নামান কুয়াদ্রাত। ৬১ মিনিটে দিমিত্রির করা গোলে লিড নেন লাল হলুদ।
মাদিহ তালালের থেকে বল পেয়ে মার্ক জোথানপুইয়া যে ক্রস ভাসিয়েছিলেন তা থেকে জোরালো হেডে গোল করেন দিমিত্রি। এর সাত মিনিট পরেই লাল হলুদের তৃতীয় গোল। ফার্স্ট টাচে মার্কারকে সামলে নিয়ে দুরন্ত শটে গোল করেন সাউল ক্রেসপো। বাকি সময়টা ইস্টবেঙ্গলকে চাপেই ফেলতে পারেনি ইন্ডিয়ান এয়ার ফোর্স। এক গোলে পিছিয়ে পড়েও এই জয় ছিনিয়ে নেওয়ায় গ্রুপের শীর্ষেও চলে গেল ইস্টবেঙ্গল। পয়েন্ট তালিকায় পিছনে ফেলল মোহনবাগান সুপার জায়ান্টকে।












Click it and Unblock the Notifications