Kolkata Derby In Durand Cup: ডুরান্ড কাপে ফের ইস্টবেঙ্গল-মোহনবাগান এসজি, কলকাতা ডার্বির দ্বৈরথে এগিয়ে কারা?
Durand Cup Kolkata Derby: ডুরান্ড কাপে ফের কলকাতা ডার্বি। কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের সামনে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট।
চলতি মরশুমে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ডার্বিতে গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে ২-১ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি। ডুরান্ড ডার্বির পরিসংখ্যানেও এগিয়ে লাল হলুদ।

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ২২টি ডার্বির মধ্যে জিতেছে ৯টিতে, সবুজ মেরুনের জয় ৮টিতে, ড্র হয়েছে ৫টি ম্যাচ। ২০২৩ সালে সুমিত পাসির আত্মঘাতী গোলের জন্য এটিকে মোহনবাগানের কাছে হেরে যায় লাল হলুদ। গত বছর অবশ্য দুই দলই ডার্বি জিতেছিল।
গ্রুপ পর্বের দ্বৈরথে ইস্টবেঙ্গল ১২ অগাস্ট মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছিল ১-০ গোলে। নন্দকুমার সেকারের গোলের সৌজন্যে চার বছরেরও বেশি সময় পর ডার্বি জয়ের স্বাদ পায় লাল হলুদ। যদিও ফাইনালে সবুজ মেরুনের কাছে পরাস্ত হয় ইস্টবেঙ্গল।
দিমিত্রি পেত্রাতসের গোলে ১০ জনের মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারায় ফাইনালে। ম্যাচের ৭১ মিনিটের মাথায় গোল করেন পেত্রাতস। যার ফলে ২০০০ সালের পর এই প্রথম ডুরান্ড কাপ ঘরে তুলেছিল সবুজ মেরুন।
১৯৫৭ সালের ডুরান্ড কাপ সেমিফাইনাল ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছিল। তারপর রিপ্লেতে লাল হলুদ জিতেছিল ৩-২ গোলে। ১৯৬০ সালের ফাইনালও ১-১ গোলে শেষ হয়, রিপ্লের ফলাফল ছিল ০-০। ১৯৬৪ সালে ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান ২-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে।
১৯৭০ সালের ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারায় ২-০ গোলে। ১৯৭২ সালের ফাইনাল গোলশূন্য ছিল, রিপ্লেতে ১-০ গোলে মোহনবাগানকে পরাস্ত করে ইস্টবেঙ্গল। ১৯৭৪ সালে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান ১-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে। ১৯৭৮ সালে মোহনবাগানকে ৩-০ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয় লাল হলুদ।
১৯৮২ সালের ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি শেষ হয়েছিল গোলশূন্যভাবে। ১৯৮৪ ও ১৯৮৬ সালে ডুরান্ড ফাইনালে মোহনবাগান দু-বার ইস্টবেঙ্গলকে ১-০ গোলে পরাস্ত করে খেতাব জেতে। ১৯৮৭ সালে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান ৩-০ গোলে জয় ছিনিয়ে ফাইনালে উঠেছিল।
১৯৮৮ সালের ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল ২-০ গোলে মোহনবাগানকে হারায়। ১৯৮৯ সালের ডুরান্ড ফাইনাল নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য ছিল। যদিও টাইব্রেকারে ৩-১ গোলে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ১৯৯৪ সালের ডুরান্ড ফাইনালে মোহনবাগান ১-০ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। ১৯৯৮ সালের ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারায় মোহনবাগানকে। ২০০৪ সালের ডুরান্ড কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেবার ২-১ গোলে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল হলুদ।












Click it and Unblock the Notifications