Durand Cup 2023: দাপুটে পারফরম্যান্স লিস্টনদের, ডুরান্ডের শুরুতেই ফাইভ স্টার মোহনবাগান
জয় দিয়েই ডুরান্ডের অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। বাংলাদেশের আর্মি দলকে প্রথম ম্যাচেই ৫-০ গোলে হারাল সবুজ মেরুন। ম্যাচের শুরু থেকে শেষ শুধুই মেরিনার্সদের আধিপত্য। কলকাতা লিগের মতোই ডুরান্ডের প্রথম ম্যাচেই দাপুটে পারফরম্যান্স মোহনবাগানের।
ডুরান্ড কাপে যুব দল খেলানোর কথা আগেই জানিয়ে রেখেছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। মূলত কলকাতা লিগের দলের ফুটবলারদেরই ডুরান্ডের প্রথম ম্যাচে নামান কোচ বাস্তব রায়। তবে সিনিয়র দলের দুই ফুটবলার লিস্টন কোলাসো এবং মনবীর সিংকে প্রথম একাদশে রেখেছিল বাগান থিঙ্ক ট্যাঙ্ক।

ঘরের মাঠে বিদেশি দলের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে সবুজ মেরুন। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। সংঘবদ্ধ আক্রমণের ফল পায় মেরিনার্সরা। রবি রানার পাস থেকে জালে বল জড়ান লিস্টোন কোলাসো। গোল পেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় সুহেল-মনবীররা।
১৪ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল পায় মোহনবাগান। ২৭ মিনিটে বক্সের মধ্যে হামতেকে ফাউল করেন বাংলাদেশের দলের এক ডিফেন্ডার।পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মনবীর সিং। ৩৯ মিনিটে দলগত সংহতির নমুনা যুবভারতীর সবুজ গালিচায় তুলে ধরে সবুজ মেরুন ফুটবলারা।

সুহেল ভাট এবং লিস্টন কোলাসোর যুগলবন্দিতে ফল ৩-০। গোয়ানিজ মিডিওর পাস থেকে দুরন্ত গোল তরুণ স্ট্রাইকার সুহেল ভাটের। লিগে সাত গোল করার পর ডুরান্ডের প্রথম ম্যাচেই গোল করলেন কাশ্মীরি ফুটবলার। মরসুমে তাঁর গোলসংখ্যা ৮। প্রথমার্ধের শেষ লগ্নে লাল কার্ড দেখেন বাংলাদেশ আর্মি দলের ফুটবলার মিজানুর রহমান। তিন গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে বাস্তব রায়ের দল।
SIUUU ft. Hnamte x Suhail 🔥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/64MVEX1F97
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 3, 2023
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল মোহনবাগানেরর। মনবীরের পাস থেকে ব্যবধান ৪-০ করলেন হামতে। এরপরই অবশ্য মনবীরকে তুলে নিয়ে কিয়ান নাসিরিকে নামানো হয়। চোট পেয়ে মাঠ ছাড়ে হয় সুহেলকে। বাগান থিঙ্ক ট্যাঙ্ক অবশ্য বেশ কয়েকটি পরিবর্তন করে। এরইমধ্যে লিস্টনের একটি ফ্রি কিক দুরন্ত সেভ করেন বাংলাদেশের দলটির গোলরক্ষক ইসলাম রানা। ম্যাচের শেষ লগ্নে ৫ গোলের বৃত্ত পূরণ করলেন কিয়ান নাসিরি।
Halftime moments from the inaugural match between @mohunbagansg vs Bangladesh Army FT.#IndianOilDurandCup #DurandCup2023 #132ndEditionofDurandCup #DurandCupPoweredByCoalIndiaLtd #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #MBSGBAFT pic.twitter.com/VesTGdCV8C
— Durand Cup (@thedurandcup) August 3, 2023
গোটা ম্যাচে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না বাংলাদেশের আর্মি দল। চার গোলে মসৃণ জয় পেয়েই মাঠ ছাড়ল সবুজ মেরুন ফুটবলাররা।
স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে কোনও বিদেশি ফুটবলারকে খেলায়নি মোহনবাগান। প্রথম ম্যাচেই স্বদেশী ব্রিগেডের পারফরম্যান্স কিন্তু স্বস্তিতে রাখবে বাগান টিম ম্যানেজমেন্টকে। সুহেল-হামতেদের পারফরম্যান্স কিন্তু স্বপ্ন দেখাচ্ছে সবুজ মেরুন সমর্থকদের। আগামী ৫ অগাস্টে লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান।












Click it and Unblock the Notifications