Durand Cup 2023: মোহনবাগান সুপার জায়ান্ট জিতলেই ডুরান্ড ফাইনালে ডার্বি, এফসি গোয়ার বিরুদ্ধে সতর্ক ফেরান্দো
Durand Cup 2023: ডুরান্ড কাপের ফাইনালে ফের কলকাতা ডার্বি হবে কিনা তার উত্তর মিলবে বৃহস্পতিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে।
১৯ বছর পর ডুরান্ড ফাইনালে উঠেছে ইমামি ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে লাল হলুদের কাছে বড় ম্যাচ হারার মধুর প্রতিশোধ নেওয়ার পথ এখনও খোলা রয়েছে সবুজ মেরুনের সামনে। এফসি গোয়ার বিরুদ্ধে রণকৌশল সাজানোর আগে সতর্ক কোচ জুয়ান ফেরান্দো।

মোহনবাগান সুপার জায়ান্ট দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্য়ে থেকে পয়েন্টের তুলনামূলক বিচারে শেষ আটে জায়গা করে নিয়েছিল। সেমিফাইনালে উঠেছে মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে। অন্যদিকে, গ্রুপ ডি-র শীর্ষস্থান দখল করে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া কোয়ার্টার ফাইনালে ওঠে। চেন্নাইয়িন এফসিকে ৪-১ গোলে হারিয়ে পৌঁছয় সেমিফাইনালে। অপরাজেয় থাকা দলটি ১৫টি গোল করেছে।
এএফসি কাপের ম্যাচে জেতার পর ডুরান্ডে জয়ের ধারা বজায় রাখলেও আত্মতুষ্টি নেই বাগান শিবিরে। ভিডিও অ্যানালিস্টরা এফসি গোয়ার শক্তি ও দুর্বলতা চিহ্নিত করেছেন। সেইমতো রণকৌশল সাজাচ্ছেন ফেরান্দো। তিন দিনের ব্যবধানে দুটি কঠিন ম্যাচ খেলতে হচ্ছে। কালকের ম্যাচে ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল ছাড়া পুরো দলই পাচ্ছেন ফেরান্দো।
বাগান কোচের কথায়, মুম্বই সিটির মতো এফসি গোয়া ভালো দল। গতবারের দলের সঙ্গে এবারের দলের তফাত আছে। কোচ নতুন। নোয়া, বরিস, উদান্তা, সন্দেশ, কার্ল ম্যাকহিউরা থাকায় বাড়তি গুরুত্ব দিতেই হবে। আমাদের সামনে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে। প্রি সিজন খুব ভালো হয়নি। সেরা ফর্মে পৌঁছতে আরও কয়েকটি ম্যাচ খেলতে হবে।

দলের খেলায় উন্নতি চাইছেন ফেরান্দো। চোট-আঘাত বাঁচিয়ে ফাইনালে ওঠা লক্ষ্য। দলে কিছু পরিবর্তন আনতে পারেন কৌশলগত কারণেই। ফেরান্দো বলেন, মুম্বইকে হারিয়েছি বলে আত্মতুষ্ট নই। প্রতিটি ম্যাচ আলাদা দিনে হয়। গোয়ার খেলা দেখেছি। ধারণা আছে। তবে রণকৌশল অনুযায়ী খেলতে পারলে ও গোলের সুযোগ কাজে লাগালেই জয় আসবে।
জেসন কামিংস বলেন, আমরা ভারতের সেরা দল। যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি। ভারতের জাতীয় দলের ৭-৮ জন আমাদের দলে রয়েছেন। বিদেশি ফুটবলাররাও তৈরি। মুম্বইকে হারিয়ে আমরা বাড়তি আত্মবিশ্বাস পেয়েছি। ফাইনালে ওঠাই প্রথম লক্ষ্য। আইএসএলের আগে একটা ট্রফি এলে মনোবল বাড়বে। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের উপর বেশি আস্থা রাখছি।
গোল পাওয়ায় তৃপ্ত কামিংস বলেন, গোল করাটা আমার কাজ। গোল পেলে স্ট্রাইকারের আত্মবিশ্বাস বাড়ে। অস্ট্রেলিয়াতে প্রচুর গোল করেছি। এখানেও গোল পেতে শুরু করেছি। তবে নিজের সেরাটা দিতে পারিনি এখনও। সেজন্য দ্রুত মানিয়ে নিতে চাইছি। কয়েকটা ম্যাচ লাগবে। সমর্থকরা উদ্বুদ্ধ করছেন। আমি সবুজ মেরুনের তারকা হতে চাই। গোল করতে হবে, জিততে হবে, ট্রফি পেতে হবে।
মোহনবাগান সুপার জায়ান্টকে সমীহ করছেন এফসি গোয়া কোচ মানোলো মার্কুয়েজ। তিনি বলেন, আমরা বেশ কয়েকটা ভালো দলের বিরুদ্ধে খেলেছি। আমাদের প্রি সিজনের শেষ পর্যায় চলছে। আইএসএলের আগে যে প্রতিযোগিতামূলক ম্যাচগুলি খেলছি তাতে আমরা খুশি।












Click it and Unblock the Notifications