Durand Cup 2023: মোহনবাগান সুপার জায়ান্ট পিছিয়ে পড়েও হারাল এফসি গোয়াকে, রবিবার ফাইনালে কলকাতা ডার্বি
Durand Cup 2023: ডুরান্ড কাপের ফাইনালে ইমামি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি ডুরান্ডে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। গ্রুপ পর্বে লাল হলুদ মশাল জ্বলেছিল, এবার পালতোলা নৌকার কাছে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ।
আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল জুয়ান ফেরান্দোর দল। ২৩ মিনিটে নোয়ার গোলে এগিয়ে গিয়েছিল দুরন্ত ছন্দে থাকা এফসি গোয়া। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জেসন কামিংস। ৬১ মিনিটে জয়সূচক গোল সাদিকুর।

এখনও অবধি দুই প্রধানই ১৬ বার করে ডুরান্ড জিতেছে। চলতি ডুরান্ডে নন্দ কুমারের গোলে ইমামি ইস্টবেঙ্গল হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। দুই দলই ছিল একই গ্রুপে। ইমামি ইস্টবেঙ্গল গ্রুপশীর্ষে থেকে শেষ আটে যায়, দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট মোহনবাগান সুপার জায়ান্ট আদায় করে মহমেডান স্পোর্টিং ছিটকে যাওয়ায়।
আজকের ম্যাচে ১৭ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের শট দারুণভাবে রুখে দিয়েছিলেন এফসি গোয়ার গোলরক্ষক ধীরজ সিং। ২৩ মিনিটে হুগো বুমোসের ভুলের সুযোগ নিয়ে গোল করে গোয়াকে এগিয়ে দেন নোয়া। ৩৯ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্ট পেনাল্টি পায়। রেফারি ফ্রি কিক দিলেও সহকারী রেফারি পেনাল্টির কথা বলেন। সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে গোয়া।

পেনাল্টি থেকে করা কামিংসের গোলে সমতা ফেরায় বাগান। ৬১ মিনিটে সন্দেশ ঝিঙ্গনের ভুলের সদ্ব্যবহার করে গোল করে ফেরান্দোর দলকে এগিয়ে দেন আর্মান্দো সাদিকু। ধীরজ ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। এরপর এফসি গোয়া সমতা ফেরানোর মরিয়া প্রয়াস চালালেও লাভ হয়নি।
গোল হজমের পর থেকেই সবুজ মেরুন আক্রমণের ঝাঁঝ বাড়ায়। সাহাল আবদুল সামাদ ও আশিক কুরুনিয়ানের এ ক্ষেত্রে অবদান রয়েছে। আশিককে জয় গুপ্তা ফাউল করাতেই পেনাল্টি পেয়েছিল বাগান। দ্বিতীয়ার্ধে বরিস সিংকে নামায় এফসি গোয়া। বাগান গোলরক্ষক বিশাল কাইথ কয়েকটি দারুণ সেভ করে রুখে দেন জয় গুপ্তা ও কার্ল ম্যাকহিউয়ের প্রয়াস।
দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমের ৮ মিনিটেও চলে রুদ্ধশ্বাস লড়াই। এফসি গোয়া গোল শোধে মরিয়া হয়ে ওঠে। তবে বাগান শিবির শেষ অবধি লিড ধরে রেখে ফাইনালের টিকিট করায়ত্ত করে নেয়। রবিবারের ফাইনালে দুই প্রধানের দ্বৈরথ হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই। খেলা শুরু বিকেল চারটেয়। যে দলই জিতুক তারা ডুরান্ড জিতবে ১৭ বার।
(ছবি- ডুরান্ড কাপ মিডিয়া)












Click it and Unblock the Notifications