Durand Cup 2023: ডুরান্ডে মহমেডান হাফ ডজন গোলে জামশেদপুরকে হারিয়েও ছিটকে গেল, শেষ আটে মোহনবাগান SG
Durand Cup 2023: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে আজ নিজেদের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট ০-২ গোলে হেরেছে সাদার্ন সমিতির কাছে। এতে চ্যাম্পিয়নশিপের অঙ্ক জটিল হলেও কিছুক্ষণের মধ্যেই সবুজ মেরুন শিবিরে টাটকা বাতাস।
মহমেডান স্পোর্টিং আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জামেদপুর এফসিকে ৬-০ গোলে হারিয়েও ডুরান্ডের শেষ আটে যেতে পারল না। যার ফলে দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে মোহনবাগান সুপার জায়ান্ট পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।

শেষ আটের টিকিট পেতে হলো আজ মহমেডানকে সাত গোলের ব্যবধানে জিততে হতো। ফলে কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা হলো না। ডেভিড লালানলাঙ্গা একাই করলেন চারটি গোল। অপর গোল দুটি করেন এফ লালরেমসাঙ্গা। তিনি গোল দুটি করেন যথাক্রমে ১০ ও ১৬ মিনিটে। ডেভিডের চারটি গোল আসে যথাক্রমে ২৮, ৬৯, ৮২ ও ৮৯ মিনিটে।

মহমেডান বি গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ করল। জামশেদপুর ৩ ম্যাচে ৩ পয়েন্টের বেশি পায়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ৬টি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। এরপর বিভিন্ন গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে সেইমতো তারা পাবে শেষ আটের টিকিট।
আজই গুয়াহাটিতে ডাউনটাউন হিরোজ এফসিকে ৩-১ গোলে হারানোয় নর্থইস্ট ইউনাইটেডের পয়েন্ট হয় ৭। গ্রুপ ডি-তে এফসি গোয়ার পয়েন্টও সাত। কিন্তু গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে থাকতে হয় নর্থইস্টকে। কিন্তু অন্য কোনও গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সাত পয়েন্ট বা তার বেশি পাওয়ার সম্ভাবনা নেই। সে কারণে দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে শেষ আটে প্রথম পৌঁছয় নর্থইস্ট।
মহমডান যদি সাত গোলে জিততো, তাহলে আজই ছিটকে যেত মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান সুপার জায়ান্ট এ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। মহমেডান বি গ্রুপে ৩ ম্যাচে সবুজ মেরুনেরই সম সংখ্যক পয়েন্ট নিশ্চিত করেছে। কিন্তু বাগানের গোলপার্থক্য যেখানে ৬ (৭-১), সেখানে সাদা কালো শিবিরের গোলপার্থক্য দাঁড়ায় ৫ (৯-৪)।
ইমামি ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি, গোকুলম কেরালা এফসি, এফসি গোয়া, চেন্নাইয়িন এফসি বিভিন্ন গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে গিয়েছে। এফ গ্রুপে শীর্ষে রেয়েছে আর্মি রেড। তাদের ঝুলিতে ২ ম্যাচে ৬ পয়েন্ট। কাল তাদের খেলা রয়েছে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে। রাজস্থান ২ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে। শেষ আটে যেতে রাজস্থানকে কোকরাঝাড়ে কাল তিন গোলের ব্যবধানে জিততেই হবে।












Click it and Unblock the Notifications