Durand Cup 2023: ইমামি ইস্টবেঙ্গল ডুরান্ড ফাইনালে পাচ্ছে না শৌভিককে, নাটকীয়ভাবে পরাজয়ের পর তোপ নর্থইস্ট কোচের
Durand Cup 2023: ৯০ মিনিট যখন ঘড়ির কাঁটায়, তখনও ২-১ গোলে এগিয়ে ছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। ৬ মিনিটের ইনজুরি টাইমে মিগুয়েলের দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার। তার কয়েক সেকেন্ড পরেই সমতা ফেরানোর গোল লাল হলুদের।
টাইব্রেকারে পার্থিব গোগোইয়ের দুবার শট মিস করা এরপর ফ্যাক্টর গড়ে দিল। স্নায়ুযুদ্ধে সব কটি গোল জালে রেখেই বাজিমাত ইমামি ইস্টবেঙ্গলের।

কার্লেস কুয়াদ্রাত কোয়ার্টার ফাইনালের দলে দুটি বড় পরিবর্তন করেছিলেন আজ। হোসে পারদো ও মন্দার রাও দেশাইকে শুরু থেকে খেলান বোরহা ও শৌভিক চক্রবর্তীতে বেঞ্চে রেখে। জর্ডন এলসি, মন্দার, চুংনুঙ্গা ও হরমনজ্যোৎ খাবড়াকে রাখেন ডিফেন্সে। ডিফেন্স ও মিডফিল্ডের মধ্যে বিশেষ দায়িত্বে রাখেন পারদো ও নিশু কুমারকে।
যদিও প্রথমার্ধে পিছিয়ে পড়ায় দ্বিতীয়ার্ধে কয়েকটি মোক্ষম রদবদল করতে হয় কুয়াদ্রাতকে। যার ফলে ৭৭ মিনিটে নাওরেম মহেশের শট দীনেশ সিংয়ের পায়ে লেগে জালে জড়ায়। আর শেষ লগ্নে ১০ জনের নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে গোল করে সমতা ফেরান মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের গোলদাতা নন্দ কুমার। এরপর টাইব্রেকারের জয়।

১৯ বছর পর লাল হলুদ ডুরান্ড কাপ ফাইনালে। ১৬ বারের চ্যাম্পিয়নরা ফাইনালে উঠল ২৭ বার। কুয়াদ্রাত বলেন, প্রি সিজন চলছে। পাঁচটি টাফ ম্যাচ খেললাম। ফলে শুরুর একাদশে কিছু রদবদল করতে হয়েছিল। ম্যাচের ফলাফলে আমি খুশি। আজ দ্বিতীয় হলুদ কার্ড দেখায় শৌভিক চক্রবর্তীকে ফাইনালে পাব না। কিন্তু আজকের ম্যাচে স্পষ্ট হয়েছে দলের অদম্য মনোভাব।
কুয়াদ্রাতের কথায়, এই ইস্টবেঙ্গল বদলে যাওয়া ইস্টবেঙ্গল। আমরা পারব, এই বিশ্বাস আমাদের ছিল। সেই বিশ্বাস যে ভুল ছিল না তা আমরা ম্যাচ জিতে প্রমাণ করেছি। আমরা ফাইনালের জন্য প্রস্তুত। ভালো লাগছে ১৯ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে দল ওঠায়। এখন ভাবনা জুড়ে শুধুই ফাইনাল।
নর্থইস্ট ইউনাইটেড এফসি হেড কোচ জুয়ান বেনালির ইঙ্গিত, লাল হলুদকে জোর করে জেতানো হয়েছে। তিনি বলেন, ম্যাচ উপভোগ করেছি। ফলাফল নয়। আমাদের কাজ ফুটবল খেলা, অন্য নানা বিষয়ের সঙ্গে লড়া নয়। আমরাও কিন্তু বড় দল। আমরা ইস্টবেঙ্গলকে তাদের ঘরের মাঠে আটকাতে পেরেছিলাম। ডুরান্ড কাপ খেলে ভালো লাগছে। প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া তৈরি হলো।
টাইব্রেকারে দুবার সুযোগ পেয়েও গোল করতে না পারা পার্থিব গোগোইয়ের পাশে দাঁড়িয়ে কোচ বলেন, ফুটবলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে বড় প্লেয়াররা পেনাল্টি মিস করেন। পার্থিব এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হবেন। আমাদের দল যেভাবে খেলেছে তাতে প্লেয়ারদের নিয়ে গর্বিত। আমরা ভালো খেলেছি।
বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার মধ্যে সেমিফাইনাল শুরু সন্ধ্যা ৬টায়। রবিবার ফাইনাল শুরু বিকেল চারটে থেকে।












Click it and Unblock the Notifications