Neymar JR: পুরো ফিট হলেই প্রত্যাবর্তন হবে জাতীয় দলে, নেইমারকে নিয়ে কড়া বার্তা ব্রাজিল কোচের
মেসি-রোনাল্ডোর পরেই তাঁর নামটা একটা সময় উচ্চারিত হত। কিন্তু কেরিয়ারে সাফল্য যেমন পেয়েছেন তার থেকে বেশি বিতর্কে জড়িয়েছেন, চোটের কবলে পড়েছেন। কথা হচ্ছে নেইমার জনিয়র সম্পর্কে। কেরিয়ার জুড়ে চোটের সমস্যা তাঁকে বার বার ভুগিয়েছে। শেষ কবে বল পায়ে তাঁকে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখা গিয়েছে সেটা মনে করা কঠিন তাঁর অতি বড় ভক্তেরও।
নেইমারকে নিয়ে অপেক্ষা অন্তহীন হচ্ছে তাঁর ক্লাব আল হিলালের। ব্যতিক্রম নয় ব্রাজিল দলও। তবে নেইমারকে নিয়ে অতিরিক্ত কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ব্রাজিল দলের কোচ দোরিভাল জুনিয়র। তিনি স্পষ্ট করে দিয়েছেন পুরো সুস্থ না হওয়া পর্যন্ত নেইমারকে জাতীয় দলে ফেরানো হবে না।

ব্রাজিল দলের কোচ দোরিভাল বলেছেন, "আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরব, নেইমার অক্টোবর, নভেম্বর বা এমনকি ফেব্রুয়ারিতে ফিরে আসতে না পারলে তাতে কিছু হবে না। তাঁকে আত্মবিশ্বাসী হতে হবে, তাঁকে আরও বেশি প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলতে হবে এবং সর্বোপরি তাঁকে এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে হবে। আমরা জানি যে নেইমার ব্রাজিল দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
দোরিভাল আরও উল্লেখ করেছেন, "যদি তিনি আগামী বছরে প্রত্যাবর্তন করতে পারেন তাহলে সেটা নেইমারের কেরিয়ারে একটা উল্লেখযোগ্য সময় হিসেবেই বিবেচিত হবে একইসঙ্গে তা ব্রাজিল দলের ক্ষেত্রেও প্রযোজ্য। আগামী দিনে নেইমার ফিরলে বিশ্ব ফুটবল একজন সেরা তারকার খেলা দেখতে পারবে।" ২০২৩ সালের অক্টোবর মাসে চোট পান নেইমার। ২০২৫ সালের আগে নেইমারের ক্লাব ফুটবলে ফেরার কোনও আশা নেই।
পিএসজি থেকে ২০২৩ সালের অগাস্টে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দেন নেইমার। নতুন ক্লাবের হয়ে হয়ে কয়েক ম্যাচ খেলার পরই চোটের কবলে পড়েন নেইমার।সৌদি আরবের ক্লাবটির হয়ে খেলতে পারেন কেবল পাঁচটি ম্যাচ।
কয়েক দিন আগেই আল হিলাল কোচ জানিয়েছিলেন, "আল হিলাল ও লিগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে কবে ফিরবে, সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে আমরা জানুয়ারিতে তাঁর অবস্থা দেখব।"












Click it and Unblock the Notifications