যুবভারতীতে হতাশার বিস্ফোরণ! মেসির এক ঝলক না মিলতেই উত্তাল গ্যালারি, ভাঙচুরে রণক্ষেত্র স্টেডিয়াম
হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা, শীতের ভোরে ঘুম ভেঙে স্টেডিয়ামের পথে ছোটা সব কিছুর একটাই উদ্দেশ্য ছিল, লিওনেল মেসিকে চোখের সামনে দেখা। কিন্তু সেই স্বপ্নই ভেঙে চুরমার হল যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভিআইপি ভিড়ের আড়ালে চাপা পড়ে গেলেন ফুটবলের রাজপুত্র, আর হতাশা থেকে জন্ম নিল তীব্র ক্ষোভ। মুহূর্তের মধ্যেই উৎসবের আবহ বদলে গিয়ে স্টেডিয়াম পরিণত হল বিশৃঙ্খলার ময়দানে।
শনিবার নির্ধারিত সময়েই যুবভারতীতে পৌঁছন মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডি পল। মাঠে নামার সময় হাসিমুখে দর্শকদের উদ্দেশে হাত নাড়ান তিনি। কিন্তু গ্যালারিতে বসে থাকা সাধারণ দর্শকদের চোখে সেই দৃশ্য ধরা পড়েনি। মেসির চারপাশে আয়োজক ও ভিআইপিদের এমন ঘন বলয় তৈরি হয়েছিল যে দূর থেকে তাঁকে চেনাই কঠিন হয়ে পড়ে। অন্তত পঞ্চাশ জনের ভিড়ে কার্যত অদৃশ্য হয়ে যান তিনি।

দীর্ঘ অপেক্ষা, আকাশছোঁয়া টিকিটের দাম সব কিছুর পরেও যখন মেসির এক ঝলক দেখা যায় না, তখন গ্যালারির উত্তাপ বাড়তে শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে নির্ধারিত সময়ের আগেই মেসিকে মাঠ ছাড়াতে বাধ্য হন আয়োজকরা বলে জানা যায়। আর তাতেই চরমে পৌঁছয় দর্শকদের ক্ষোভ। গ্যালারি থেকে মাঠে ছোড়া হয় বোতল, ছিঁড়ে ফেলা হয় মেসির ছবি সম্বলিত ব্যানার। কোথাও ব্যারিকেড ভেঙে দর্শকরা মাঠে নেমে পড়েন।
সব মিলিয়ে, মেসিকে দেখার স্বপ্নে আসা হাজারো মানুষের চোখে রয়ে গেল শুধু হতাশা। ফুটবল উৎসবের কথা যে দিন, সেই দিনই যুবভারতীতে লেখা হল অপ্রাপ্তির আর বিশৃঙ্খলার এক তিক্ত অধ্যায়।












Click it and Unblock the Notifications