হাসপাতাল থেকে ছাড়া পেলেন মারাদোনা, এবার কোথায় থাকবেন কিংবদন্তি?
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মারাদোনা, কোথায় থাকবেন কিংবদন্তি?
মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিংবদন্তি দিয়েগো আরমান্দো মারাদোনা। এতদিন আর্জেন্টিনার বুয়েনস আইরেস ক্লিনিকে ভর্তি ছিলেন তিনি। আট দিন আগে ওই হাসপাতালেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা কিংবদন্তি ফুটবলার এখন কোথায় থাকবেন, তা নিশ্চিত ভাবে কেউ বলে দিতে পারছে না।

গত ৩০ অক্টোবর ৬০তম জন্মদিন পালনের কিছুদিন পর অসুস্থ হয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন গ্রেট দিয়েগো মারাদোনা। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে বলে জানিয়েছিলেন ডাক্তাররা। প্রাণহানির আশঙ্কা থাকায় দ্রুত কিংবদন্তি ফুটবলারের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর আট দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হতেই মারাদোনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিয়েগো যে পুরোপুরি সুস্থ, সে খবর তাঁর আইনজীবী মাতিয়াস মোরলাও জানিয়েছেন। বলেছেন, শারীরিক চিকিৎসার পাশাপাশি মারাদোনাকে মদ্যপান থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই কিংবদন্তি ফুটবলারকে আপাতত কোনও রিহ্যাব সেন্টারে রাখা হতে পারে বলে খবর। আবার অনেকের মতে মেয়ের বাড়ির কাছাকাছি একটি বাড়িতে থাকতে পারেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। তবে এ ব্যাপারে স্পষ্ট কেউ কোনও ধারণা দিতে পারছে না। তবে প্রিয় ফুটবলারের সুস্থতার খবরে বেজায় খুশি হয়েছেন ফুটবল প্রেমীরা।












Click it and Unblock the Notifications