Derby: ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়, বছরের শুরুতেই ডার্বি জয়ের হ্যাটট্রিক মোহনবাগান এসজির
নতুন বছরের শুরুতেই ডার্বি জয়ের হ্যাটট্রিক মোহনবাগান এসজি। চারদিনে তিনটে ডার্বিতে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। গত শনিবার বঙ্গ ফুটবলে জোড়া ডার্বি ছিল। অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন লিগে এবং আইএসএলের ডার্বিতে জয় পায় মোহনবাগান এসজি। বুধবার আরও একটি বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। সেই ম্যাচেও জয় পেল সবুজ মেরুন ব্রিগেড।
বুধবার অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল মোহনবাগান এসজি। ঘরের মাঠে চির প্রতিপক্ষ ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি। এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধেই জয়ের জন্য কাঙ্খিত গোল পেল সবুজ মেরুন ব্রিগেড। ৭৭ মিনিটে ম্যাচে জয়সূচক গোলটি করেন মোহনবাগান এসজির আদিত্য মণ্ডল। গোল করার সনি নর্ডির স্টেইনগান স্টাইলে সেলিব্রেশনও করেন আদিত্য। আই লিগের একটি ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে স্টেইনগান সেলিব্রেশন করেছিলেন সনি।

মোহনবাগান এসজির ঘরের মাঠেই খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল দল। হোক না যুবদের ম্যাচ। তা নিয়েও উন্মাদনা ছিল। শীতের দিনে ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্য হাজির হয়েছিলেন ভক্তরাও। ডার্বিতে ফের একবার সমর্থকদের জয় উপহার দিল সবুজ মেরুন। জয়সূচক গোল করল আদিত্য মণ্ডলই ম্যাচের নায়ক।
কয়েকদিন আগে কল্যাণীতে অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন এর লিগের বড় ম্যাচের মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। সেই ম্যাচেও দুরন্ত জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন ব্রিগেড। অনূর্ধ্ব ১৫ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কে ২-১ গোলে হারিয়ে দে মোহনবাগান এসজি। জোড়া গোল করে বাগানের জয়ের নায়ক রাজদীপ পাল। এবার নতুন নায়ক হলেন আদিত্য। ফলে ডার্বিতে দাপটের সঙ্গে বছর শুরু সবুজ মেরুনের।
শনিবার সন্ধ্যায় গুয়াহাটিতে আইএসএলের দ্বিতীয় পর্বের ডার্বিতে মাঠ নামে মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। নিরাপত্তার কারণে যুবভারতী নয় বড় ম্যাচ হয় গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। সেই ম্যাচে জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে জয় পায় মোহনবাগান এসজি। আইএসএল ডার্বিতে অপরাজিত রয়েছে সবুজ মেরুন ব্রিগেড।












Click it and Unblock the Notifications