ময়দানে ফিরল টোলগে স্মৃতি, রাতারাতি ইস্টবেঙ্গল থেকে এটিকে মোহনবাগানে নাম লেখালেন তরুণ গোলরক্ষক
ময়দান ফিরল টোলগে স্মৃতি, রাতারাতি ইস্টবেঙ্গল থেকে এটিকে মোহনবাগানে নাম লেখালেন তরুণ গোলরক্ষক
ঠিক যেন টোলগে ওজবে অধ্যায়ের পুনরাবৃত্তি। তবে হুবহু নয়। টোলগে বিকেলে যুবভারতী মাতিয়ে রাতে মোহনবাগানের চুক্তিপত্রে সই করে যেমন ময়দানে আলোড়ন তৈরি করে ফেলেছিলেন তেমনই টোলগের মতো নিজেকে এখনও প্রতিষ্ঠিত না করতে পারলেও ময়দানে দল বদল করে খবরের শিরোনামে উঠে এলেন দেবনাথ মণ্ডল।

মঙ্গলবার ডায়মন্ড হারবর এফসি'র বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে দুর্দান্ত গোলরক্ষা করেছিলেন দেবনাথ। নিশ্চিত চারটি গোল তিনি রক্ষা করেন ইস্টবেঙ্গলের হয়ে। তাঁর পারফরম্যান্স ফুটবলপ্রেমী বাঙালির চোখ টেনেছিল। তবে, শুধু দেশের বা বাংলার ফুটবলপ্রেমীদের নয়, তাঁর পারফরম্যান্স যে নজরে পড়েছে এটিকে মোহনবাগানেরও তা বোঝা যায় বুধবার দুপুর গড়াতেই। এটিকে মোহনবাগান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে নেয় দেবনাথ মণ্ডলকে তারা সই করিয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টা আগে যে ছিল ইস্টবেঙ্গলের ফুটবলার সে-ই রাতারাতি হয়ে গেল এটিকে মোহনবাগানের আগামী মরসুমের গোলরক্ষক।
কখনও সিনিয়র দলে না খেললেও যদিও ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান উভয় দলেই খেলেছেন অতীতে এই গোলরক্ষক। মোহনবাগানের রিজার্ভ টিমে ছিলেন দেবনাথ। অতীতে ইস্টবেঙ্গল ১৫ দলে খেলেছেন তিনি। তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার ডগলাস দ্য সিলভার কোচিংয়ে মোহনবাগান অ্যাকাডেমিতে খেলেন দেবনাথ। কোভিড অতিমারীর সময়ে ডগলাস ছিলেন কলকাতায়। সেই সময়ে ব্রাজিলীয় ফুটবলারের থেকে পরামর্শ নিতেন দেবনাথ। তাঁর সঙ্গে অনুশীলনও করেছেন। উল্লেখ্য, দেবনাথ মণ্ডলকে দুই মরসুম আগে সই করিয়েছিল চার্চিল ব্রাদার্স।












Click it and Unblock the Notifications