আইএসএলে দ্রুততম গোল করলেন ডেভিড উইলিয়ামস! শেষ মুহূর্তে জয় হাতছাড়া এটিকে মোহনবাগানের
আইএসএলে নতুন বছরটা ভালো-মন্দে মিশিয়ে শুরু হল এটিকে মোহনবাগানের। ফতোরদায় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে নিশ্চিত জয় হাতছাড়া করল সবুজ মেরুন। এক পয়েন্ট পেয়ে লিগশীর্ষে চলে গেল হায়দরাবাদ এফসি। আইএসএলের ইতিহাসে দ্রুততম গোলটি করার নজির গড়লেন ডেভিড উইলিয়ামস, তবে বাগান শিবিরকে চিন্তায় রাখল কার্ল ম্যাকহিউয়ের চোট।

১২ সেকেন্ডের মাথায় গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। পরে বার্থোলোমিউ ওগবেচের গোলে হায়দরাবাদ এফসি সমতা ফেরায়। বিরতিতে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে আশিস রাইয়ের আত্মঘাতী গোল ফের এগিয়ে দেয় এটিকে মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম দেওয়া হয়েছিল ৫ মিনিটের। ১ মিনিটের মাথাতেই সমতা ফেরায় হায়দরাবাদ এফসি, হাভিয়ের সিভেরিওর করা গোলে। ম্যাচ শুরুর পর হুগো বুমোসের থেকে বল পেয়ে জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে দলকে চোখের নিমেষে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস।

কিন্তু ১৮ মিনিটেই সমতা ফেরায় হায়দরাবাদ এফসি, সবুজ মেরুন গোলরক্ষক অমরিন্দর সিংয়ের ভুলে। অনিকেত যাদবের ক্রস ঠিকভাবে ধরতেই পারেননি অমরিন্দর, যার সুযোগে গোল করে যান ওগবেচে। এরপর হায়দরাবাদ এফসি তুলনায় বেশি সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল করতে পারেনি। বিরতির কিছু আগে চোট পেয়ে কনকাসনের কারণে মাঠ ছাড়েন কার্ল ম্যাকহিউ। পরে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে এটিকে মোহনবাগানের টুইটার হ্যান্ডলে জানানো হয়েছে। তাঁর পরিবর্ত হিসেবে নামেন জনি কাউকো।
Our hearts and thoughts go out to Carl McHugh who suffered a concussion and had to be taken off the field in an ambulance!
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 5, 2022
Hope to see you back on the pitch soon, hero 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #ATKMBHFC pic.twitter.com/URB3OrqjlY
প্রথমার্ধ ১-১ থাকার পর দুই দলই গোল পেতে মরিয়া হয়ে ঝাঁপায়। ৬৪ মিনিটে আশিস রাইয়ের আত্মঘাতী গোল এটিকে মোহনবাগানকে ২-১ গোলে এগিয়ে দেয়। এই গোলটির পিছনেও মূল অবদান ডেভিড উইলিয়ামসেরই। বক্সের বাইরে থেকে বল পেয়ে ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সের মধ্যে ক্রস ভাসান ডেভিড, জনি কাউকো তাতে মাথা ছোঁয়াতে সক্ষম হন এবং বল আশিসকে ছুঁয়ে জালে জড়িয়ে যায়।
𝗔𝗕𝗦𝗢𝗟𝗨𝗧𝗘 𝗗𝗥𝗔𝗠𝗔 🍿
— Indian Super League (@IndSuperLeague) January 5, 2022
A stoppage-time equaliser from Javi Siverio takes @HydFCOfficial to the 🔝 of the table 💯#HeroISL #LetsFootball | @atkmohunbaganfc pic.twitter.com/adWCGFadZ4
এরপর গোল শোধে একের পর আক্রমণ শানায় হায়দরাবাদ এফসি। কিন্তু বাগান শেষরক্ষা করতে পারেনি। আকাশ মিশ্রর থেকে বল পেয়ে হাভিয়ের সিভেরিও বাগান ডিফেন্ডারদের পরাস্ত করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে অবশ্য এটিকে মোহনবাগানেরই আধিপত্য বেশি ছিল, কয়েকটি ভালো আক্রমণও তৈরি করে তারা। কিন্তু কাজের কাজটা হয়নি। এই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে এদিন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত এটিকে মোহনবাগান।
“They are celebrating a draw while we aren’t quite happy with the result.”
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 5, 2022
David Williams sums up the game and the mentality of the team 💪💚♥️ #ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #ATKMBHFC pic.twitter.com/WaKtXa2NI1
এদিনের ম্যাচের পর ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে উঠে এল হায়দরাবাদ এফসি। মুম্বই সিটি এফসির চেয়ে গোলপার্থক্যে এগিয়ে নিজামের শহরের দল। এটিকে মোহনবাগানও মুম্বই সিটি এফসির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল। হায়দরাবাদ ও মুম্বইয়ের সঙ্গে বাগানের পয়েন্টের ব্যবধান মাত্র এক। এটিকে মোহনবাগানের ঝুলিতে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট। এদিন জিতলে লিগশীর্ষে চলে যেতে পারত গতবারের রানার-আপরা।












Click it and Unblock the Notifications