ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া
ইতিহাস তৈরি করলেন লুকা মডরিচ, ইভান রাকিটিচরা। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠল ক্রোয়েশিয়া।
ইতিহাস তৈরি করলেন লুকা মডরিচ, ইভান রাকিটিচরা। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। ইংল্যান্ডকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে রবিবার মস্কোয় মাঠে নামবেন মডরিচরা।

এদিন খেলার শুরুতেই ৫ মিনিটের মধ্যে গোল পেয়ে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। দুরন্ত হেডে ট্রিপিয়ার এগিয়ে দেন ইংল্যান্ডকে। শুরুতে দারুণভাবে আক্রমণ করে চলেছিল ইংরেজরা। তবে খেলা কিছুক্ষণ গড়াতেই ধীরে ধীরে ক্রোয়েশিয়া খেলা ধরে নেয়।
লুকা মডরিচ, রেবিচ, রাকিটিচরা ধীরে ধীরে মাঝমাঠের দখল নিতে শুরু করেন। প্রথমার্ধে ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে ছিল। তবে বল পজেশনে এগিয়ে ছিল ক্রোটরা। দ্বিতীয়ার্ধেও ক্রোয়েশিয়ার আক্রমণ জারি ছিল। তবে এর মাঝে ইংল্যান্ড বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে।
তার খেসারত দিতে হল ৬৭ মিনিটে। পেরিসিচ হেড করে সমতা ফেরালেন। গোল খেলে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। একেরপর এক আক্রমণ তুলে আনতে থাকেন মডরিচরা। ৭১ মিনিটে ইংল্যান্ড গোলপোস্টে লেগে বল বাইরে চলে যায়। নাহলে তখনই ২-১ হয়ে যেত। ৭৩ মিনিটের ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট আক্রমণে ঝাঁঝ বাড়াতে স্টারলিংকে তুলে রাশফোর্ডকে নামান। তাতে ইংল্যান্ড আক্রমণে গতি আসে। তবে কাজের কাজ হয়নি।
শেষ অবধি নির্ধারিত ৯০ মিনিটের ফলাফল ১-১ হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোল হয়নি। যখন মনে হচ্ছিল ফের একবার টাইব্রেকারে ম্যাচ গড়াবে, তখনই ১০৯ মিনিটের মাথায় ক্রোট স্ট্রাইকার মান্ডজুকিচ গোল করে ২-১ করে দেন। সেই গোল আর ইংল্যান্ড শোধ করতে পারেনি। ফলে প্রথমবার ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে চলে গেল ক্রোয়েশিয়া।












Click it and Unblock the Notifications