এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে আজই পৌঁছে যাচ্ছে আল নাসের, রোনাল্ডো কি আসছেন?
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র অ্যাওয়ে ম্যাচ খেলতে আজই ভারতে আসছে সৌদি আরবের ক্লাব আল নাসের। এই দলের হয়েই খেলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ফলে বুধবার রোনাল্ডোকে ভারতের মাটিতে খেলতে দেখা যাবে কিনা তা নিয়েই রয়েছে সাসপেন্স। রোনাল্ডোর ভিসার আবেদনও করা হয়েছে। কিন্তু সৌদি সংবাদমাধ্যমের দাবি, রোনাল্ডো আসছেন না ভারতে।

সৌদি আরবের ক্রীড়া সংবাদপত্র আল রিয়াদিয়াহ জানিয়েছে, এফসি গোয়া কর্তৃপক্ষের একাধিক অনুরোধ সত্ত্বেও ৪০ বছর বয়সী রোনাল্ডো ভারত সফরকারী দলের অংশ হবেন না। এই টুর্নামেন্টে আল নাসের তাদের তৃতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। লিগের ম্যাচে আল ফাতেহ-র বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে তারা ভারতে খেলতে আসছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ম্যাচটি হবে ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
এফসি গোয়া আল সিবকে হারিয়ে এসিএল ২-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। এরপর তারা পড়ে গ্রুপ ডি, যেখানে আছে রোনাল্ডোর আল-নাসের। আর তাতেই রোনাল্ডোর ভারতে এসে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল।
জানা গিয়েছে, আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তিতে একটি ধারা রয়েছে, যা তাঁকে সৌদি আরবের ক্লাবটির হয়ে অ্যাওয়ে ম্যাচগুলি বেছে নেওয়ার অধিকার দেয়। রোনাল্ডো ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন। ফলে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রক্রিয়াও চলছে। সে কারণেই রোনাল্ডো আল নাসেরের হয়ে অ্যাওয়ে ম্যাচগুলি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
অধিনায়ক রোনাল্ডোকে ছাড়াই আল নাসের এশিয়ান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জিতেছে এবং পরের রাউন্ডে পৌঁছে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের পর আল নাসের ২৮ অক্টোবর কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী আল ইত্তিহাদের মুখোমুখি হবে।












Click it and Unblock the Notifications