পোর্তোকে হারিয়েও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল রোনাল্ডোর জুভেন্তাস
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দশজনের পোর্তোকে হারিয়েও শেষ আটে পৌঁছাতে পারল না জুভেন্তাস। ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে অলিভেইরার গোলই ছিটকে দিল রোনাল্ডোদের। এই নিয়ে টানা দ্বিতীয়বার অ্যাওয়ে গোল শেষ আটে উঠতে দিল না জুভেন্তাসকে। গত মরশুমে লিয়ঁ ম্যাচের পর এবার রোনাল্ডোদের অ্যাওয়ে গোলে পিছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠল পোর্তো।

এদিনের ম্যাচে ১৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে পোর্তোকে এগিয়ে দেন সের্জিও অলিভেইরা। প্রথমার্ধে এই গোলেই পোর্তো এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৪৯ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান ফেডেরিকো চিয়েসা। ৫২ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখার দুই মিনিট পর ফের হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন মেহদি তারেমি। পোর্তো দশজনে হয়ে যেতেই ঝাঁঝ বাড়ায় জুভেন্তাস। ৬৩ মিনিটে চিয়েসার গোলেই জুভেন্তাস এগিয়ে যায়। জুভেন্তাস নির্ধারিত নব্বই মিনিটে ২-১ গোলে এগিয়ে থাকলেও দুই লেগ মিলিয়ে দুই দলই সমান গোল করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
১১৫ মিনিটে অলিভেইরার গোল পোর্তোর শেষ আটে পৌঁছে দেওয়া নিশ্চিত করে দেয়। ১১৭ মিনিটে আদ্রিয়ান রাবিয়োটের গোলে ম্যাচটি জুভেন্তাস ৩-২ গোলে জিতলেও বেশি অ্যাওয়ে গোল করায় শেষ আটে চলে যায় পোর্তো।
রাউন্ড অব সিক্সটিনের এই মরণ-বাঁচন লড়াইয়ে ছন্দের ধারেকাছে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সমর্থকরাও তাঁর পারফরম্যান্সে হতাশ। চ্যাম্পিয়ন্স লিগ অভিযান এভাবে শেষ হওয়ায় ইতিমধ্যেই জুভেন্তাসে সিআর সেভেনের সঙ্গেই ম্যানেজার আন্দ্রেয়া পিরলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications