Cristiano Ronaldo: গোল করে আল নাসেরকে জেতালেন, ম্যাচ শেষে আবেগেও ভাসলেন রোনাল্ডো
কয়েক সপ্তাহ আগেই পেশাদার ফুটবলে ৯০০তম গোলটি করে ইতিহাস সৃষ্টি করেছেন রোনাল্ডো। কিন্তু ৯০০ গোলের পরও থেমে নেই সিআরসেভেন। ম্যাচ খেলেত নামলেই গোল করাটা অভ্যাসে পরিণত করেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাতারের আল রায়ান ক্লাবের বিরুদ্ধে গোল করে দলকে জেতালেন।
এই নিয়ে ৯০৪ নম্বর গোল হয়ে গেল রোনাল্ডোর। কিন্তু গোল করার পর চিরাচরিত স্টাইলে সেলিব্রেশন করলেন না পর্তুগিজ মহাতারকা। বরং কর্ণার ফ্ল্যাগের কাছে এসে দুই হাত উপরে তুলে গোল উদযাপন করলেন। ম্যাচ শেষে তাঁর গোল উদযাপন নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন রোনাল্ডো।

আসলে গোল করে নিজের প্রয়াত পিতাকে উৎসর্গ করেন রোনাল্ডো। এদিন ছিল পর্তুগিজ তারকার বাবার জন্মবার্ষিকী। তাই নিজের ৯০৪তম গোলটি বাবাকেই উৎসর্গ করলেন। ম্যাচের পর পর্তুগিজ তারকা বলেন "এই গোলটার একটা অন্য একটা গুরুত্ব আছে আমার জন্য। যদি আমার বাবা আজ জীবিত থাকতেন, তাঁর খুবই ভালো লাগতো আমার গোল দেখলে। কারণ আজ তাঁর জন্মদিন। এই গোলটা বাবাকেই উৎসর্গ করছি।'
ছেলের কেরিয়ার পুরো মাত্রায় শুরুর আগেই প্রয়াত হন রোনাল্ডোর বাবা জোসে দিনিস আভেইরো । তিনি ২০০৫ সালে প্রয়াত হন। তার পরই বিশ্ব ফুটবলে ক্রমেই মহাতারকা হয়ে উঠেন রোনাল্ডো। ফলে ছেলের সাফল্য নিজের চোখে দেখতে পারেননি রোনাল্ডোর বাবা। কিন্তু শোনা যায় বাবা মাদকাসক্ত হওয়ায় বাবাকে কিছুটা এড়িয়ে চলতেন রোনাল্ডো।
কিন্তু প্রয়াত বাবার প্রতি রোনাল্ডোর টান যে এতটুকুও কমেনি তা ফের একবার প্রমাণিত হল। বয়স বেড়েছে কিন্তু ফিটনেস ধরে রেখেছেন যৌবনের মতোই। ৩৯ বছর বয়সে এসেও গোলের জন্য আগের মতোই মরিয়া থাকেন তিনি। অবসর জল্পনাকে মাঠের বাইরে পাঠিয়ে এখন প্রতি ম্যাচেই জ্বলে উঠছেন রোনাল্ডো। তাঁকে ঘিরে ভক্তদের প্রত্যাশাও অনেক।
এরআগে সংক্রমনের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই স্বমহিমায় রোনাল্ডো।












Click it and Unblock the Notifications