Cristiano Ronaldo: পর্তুগালের হয়ে কি আর খেলবেন? স্পষ্ট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo: ইউরো কাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে।
তারপর থেকেই যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হলো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কি দেশের হয়ে আর খেলতে দেখা যাবে? এবার বড় আভাস দিলেন খোদ সিআর সেভেন।

এবারের ইউরো কাপে পর্তুগালের পাঁচটি ম্যাচেই খেলেছেন রোনাল্ডো। গড়ে ৯৭ মিনিট মাঠে থেকেছেন। টাইব্রেকার থেকে গোল পেলেও কেরিয়ারে এই প্রথমবার কোনও মেজর টুর্নামেন্টে ওপেন-প্লে থেকে গোল পাননি রোনাল্ডো। মিস করেছেন পেনাল্টিও।
পর্তুগালের হয়ে এবার ইউরো কাপ জিততে মরিয়া ছিলেন। কিন্তু সেই স্বপ্নপূরণ হয়নি। কেরিয়ারে একবারের বেশি ইউরো কাপ জেতা হলো না রোনাল্ডোর, যদিও এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি সংস্করণে খেলার নজির গড়েছেন তিনি।
রোনাল্ডো বলেন, আমরা আরও বেশি কিছু চেয়েছিলাম। আমরা তার যোগ্যও। নিজেদের জন্য, দেশের জন্য। দলের পারফরম্যান্সে, সতীর্থদের নিয়ে গর্বিত পর্তুগাল অধিনায়ক। পর্তুগাল এতদিন অবধি ফুটবলে যা অর্জন করেছে তাতে মাঠে, মাঠের বাইরের ঐতিহ্য সম্মানিত বলে আশাবাদী তিনি। এই উত্তরাধিকারের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত সিআর সেভেন।
পর্তুগাল দলের সকলকে নিয়ে এগিয়ে চলার যে বার্তা রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তাতে ফুটবলপ্রেমীদের আশা, তিনি দেশের হয়ে এখনও কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেননি। উল্লেখ্য, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে রোনাল্ডো ৬ বার ইউরো কাপ খেললেন। ২০১৬ সালে খেতাব জিতেছেন।
পর্তুগালের হয়ে ২১২ ম্যাচে তাঁর ১৩০টি গোল রয়েছে। ২০০৩ সালে পর্তুগালের হয়ে প্রথম ম্যাচটি খেলেছিলেন। পর্তুগালের হয়ে বিশ্বকাপ খেলা সম্ভব হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ইউরো কাপ যে শেষবার খেলে ফেললেন সে কথা টুর্নামেন্ট চলাকালীনই জানিয়েছেন রোনাল্ডো। ২০২৬ সালের বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪১। উয়েফা নেশনস লিগের গ্রুপ এ-র খেলায় পর্তুগাল ৫ সেপ্টেম্বর খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications