Cristiano Ronaldo: চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন না রোনাল্ডো, পেলেন বিশেষ পুরস্কার
Cristiano Ronaldo: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে তা চূড়ান্ত হয়ে গেল বৃহস্পতিবার। আর সেই অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেলেন বিশেষ পুরস্কার।
টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক সিআর সেভেন। এ জন্য তাঁর হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন।

মোনাকোর গ্রিমাল্ডি স্টেডিয়ামে হলো চ্যাম্পিয়ন্স লিগের ড্র-র অনুষ্ঠান। মঞ্চে ছিলেন রোনাল্ডো ও জিয়ানলুউজি বুফোঁ। ১৮ বছরের বেশি সময় ধরে এই লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে রোনাল্ডোর। ১৪০টি গোল করেছেন।
এখন অবশ্য রোনাল্ডো সৌদি আরবের আল নাসেরে খেলেন। সেফেরিনই এদিন রোনাল্ডোর কাছে জানতে চান এই টুর্নামেন্টে তাঁকে আর দেখা যাবে কিনা। রোনাল্ডোর কথায়, আমি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলি। ফলে সেটা ভুলে যাবেন না। এখানে এসে এই পুরস্কার গ্রহণ করতে পারা আমার কাছে বড় ব্যাপার। সেজন্য সকলকে ধন্যবাদ।
রোনাল্ডো বলেন, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সর্বোচ্চ মাপের টুর্নামেন্ট। আমি তাতে খেলার সুযোগ পেয়েছি। রেকর্ডের কথা দূরে সরিয়ে রেখেই বলি এই টুর্নামেন্ট খেলতে সব সময়ই ভালো লেগেছে। আমাদের কাছে বড় মোটিভেশন। ফুটবলে আগে থেকে কিছুই বলা যায় না। দেখা যাক আগামী দিনে কী অপেক্ষা করে রয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের স্বাদ রোনাল্ডো কেরিয়ারে পাঁচবার পেয়েছেন। একবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। চারবার রিয়াল মাদ্রিদে থাকাকালীন। উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডো ১৮৩টি ম্যাচ খেলেছেন।
রোনাল্ডোই প্রথম ফুটবলার যিনি চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ফাইনালে গোল করেছেন। ১১টি ম্যাচে টানা গোল করার নজিরও তাঁর রয়েছে। ২০০৮ সালে ম্যান ইউ জার্সিতে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতেন।












Click it and Unblock the Notifications