Copa America : বড় অঘটন না ঘটলে ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্তিনা? কী বলছে নক আউটের সূচি?
Copa America : বড় অঘটন না ঘটলে ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্তিনা? কী বলছে নক আউটের সূচি?
চলতি কোপা আমেরিকা গ্রুপ পর্বের ধাপ অবশেষে পেরিয়ে গিয়েছে। আগামী ২ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্টের শেষ আটের লড়াই। কোন দল কাদের বিরুদ্ধে তবে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে, তা এক নজরে দেখে নিন। কোনও অঘটন না ঘটলে কোপা আমেরিকার কোন পর্বে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্তিনা, তাও জেনে নেওয়া যাক।

কোয়ার্টার ফাইনালে কোন আট দল
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পরিচিত তারকাদের লড়াই দেখবেন ফুটবল প্রেমীরা। এ গ্রুপ থেকে ৪ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছেছে লিওনেল মেসির আর্জেন্তিনা। একই গ্রুপ থেকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে যথাক্রমে উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। বি গ্রুপ থেকে ৪ ম্যাচে খেলে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হয়ে শেষ আটে পৌঁছেছে যথাক্রমে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর।

প্রথম দুই কোয়ার্টার ফাইনাল
ভারতীয় সময় ২ জুলাইয়ের রাত ১২টা পেরোনের পর ৩ জুলাইয়ের আড়াইটেতে শুরু হবে কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে পেরু। গোয়াইয়ানিয়ায় হবে মোকাবিলা। সেদিনই ভোর সাড়ে পাঁচটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ জায়ান্ট কিলার চিলি। রিও দে জেনেইরোতে হবে ম্যাচ।

শেষ দুই কোয়ার্টার ফাইনাল
ভারতীয় সময় ৪ জুলাই রাত সাড়ে তিনটে নাগাদ কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাসিলিয়ায় উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। সকাল সাড়ে ৬টায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে নামবে লিওনেল মেসির আর্জেন্তিনা। গোইয়ানিয়ায় ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে হবে এলএম টেনের দলকে।

ফাইনালে ব্রাজিল বনাম আর্জন্তিনা
কোনও অঘটন না ঘটলে এবং ব্রাজিল নিজ ছন্দ ধরে রাখতে পারলে তাদের সঙ্গে সেমিফাইনালে পেরু বনাম প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের দেখা হতে পারে। অন্যদিকে আর্জন্তিনা ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছতে পারলে শেষ চারের লড়াইয়ে তাদের সঙ্গে উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচের জয়ী দলের দেখা হবে। সেখানেও কোনও অঘটন না ঘটলে কোপা আমেরিকার ফাইনালে যে ব্রাজিল ও আর্জেন্তিনার দ্বৈরথ হতে চলেছে, তা প্রায় নিশ্চিত। রিও দে জেনেইরোর ঐতিহাসিক মারাকানায় হবে এই ম্যাচ।












Click it and Unblock the Notifications