Copa America 2024: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আগে মাঠে নামতে পারবেন দি মারিয়া? স্কালোনি জানালেন অবস্থান
Copa America 2024: কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনার সামনে কলম্বিয়া। এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন আনহেল দি মারিয়া (Angel Di Maria)।
দি মারিয়ার শেষ ম্যাচটি যাতে আর্জেন্তিনার কোপা আমেরিকা খেতাব দখলে রাখার মধ্যে দিয়ে স্মরণীয় হয়ে থাকে, তেমনটাই চাইছেন হেড কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি অবশ্য জানাননি দি মারিয়াকে এবারের ফাইনালে শুরু থেকে নামাবেন কিনা। উল্লেখ্য, ২০২১ সালের ১০ জুলাই রিও ডি জেনেইরোতে হওয়া সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনা ব্রাজিলকে হারিয়েছিল দি মারিয়ার একমাত্র গোলেই।
দি মারিয়া আর্জেন্তিনার হয়ে এখনও অবধি ১৪৪টি ম্যাচ খেলেছেন। ৩১টি গোল করেছেন। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও তিনি গোল পেয়েছিলেন। আর্জেন্তিনা ৮ বারের মধ্যে ষষ্ঠবার কোপা ফাইনালে উঠেছে এবার। এতে দি মারিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাঁচটির মধ্যে চারটি ম্যাচে মাঠেও নেমেছেন।
হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকা ফাইনালের আগে আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, আশা করি সব কিছু ভালোভাবেই হবে। দি মারিয়ার অবসর যাতে সেরাভাবেই সুনিশ্চিত করা যায় তার প্রত্যাশা রাখছি। তাঁর শেষ ম্যাচ, কিন্তু সবার আগে দলের পক্ষে যেটা ভালো হয় সেই সিদ্ধান্তই নেব।
স্কালোনির কথায়, যদি দি মারিয়ার খেলার হয়, তিনি যোগ্য় হিসেবেই মাঠে নামবেন। যদি তাঁকে মাঠে না নামানো হয়, তাহলে বুঝতে হবে আমরা আলাদাভাবে কিছু ভাবতে চেয়েছি। প্রতিটি ফাইনালেরই সূক্ষ্ম নানা বিষয় থাকে। আমরা জেতার লক্ষ্যেই ফাইনালে নামছি। ফাইনালের স্বাদ সম্পর্কে অবহিত থেকেই।
কলম্বিয়া সেমিফাইনালে জেতার পর গ্যালারিতে উঠে গিয়ে উরুগুয়ের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়েছিলেন। উরুগুয়ের সমর্থকদের এবং ফুটবলারদের পরিবারের সদস্যদের নিগৃহীত হওয়ার অভিযোগ উঠেছিল। কনমেবল সেই ঘটনার তদন্ত করছে। ফাইনালে যাতে এমন কিছুর পুনরাবৃত্তি না হয় সে বিষয়েও সতর্কতা নেওয়া হচ্ছে।
স্কালোনি বলেন, আমরা ফুটবলারদের দৃষ্টান্ত স্থাপন করতে বলি। কিন্তু যখন এ ধরনের ঘটনা ঘটে তখন ফুটবলারদের এমন আচরণই স্বাভাবিক। আশা করি, এমন ঘটনা ঘটবে না। জানি না, কার দোষ। কিন্তু পরিবারকে বিপদে দেখলে ফুটবলারদের এই আচরণ অপ্রত্যাশিত নয়। খেতাব জয়ের আনন্দ যাতে অপরের দুঃখ-কষ্টের কারণ না হয়, সমর্থকদের তা সুনিশ্চিত করার বার্তাও দেন স্কালোনি। তিনি আত্মবিশ্বাসী খেতাব দখলে রাখার বিষয়ে।













Click it and Unblock the Notifications