Copa America 2024: অষ্টম ফাইনালে লক্ষ্য তৃতীয় খেতাব, দেশের জার্সিতে ফাইনাল ম্যাচে মেসির পারফরম্যান্স কেমন?
২০২১ সালের পর ২০২৪, ফের কোপা আমেরিকা ফাইনাল খেলতে নামছে আর্জেন্টিনা। পর পর দুই বার মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করার লক্ষ্য নিয়েই কোপার ফাইনালে নামছেন মেসিরা। ২০২১ সালে এই কোপা আমেরিকা দিয়েই জয় যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনা দলের। এরপর ফাইনালিসীমা এবং ফিফা বিশ্বকাপ জিতেছে স্কালোনির দল, এবার কোপা জিতে বৃত্ত পূরণ করাই লক্ষ্য মেসিদের।
আন্তর্জাতিক কেরিয়ারের শেষ লগ্নে যে তিনি উপস্থিত হয়েছেন তার আভাস আগেই দিয়েছেন লিও মেসি। হতেই পারে কোপা আমেরিকা ফাইনালই শেষ আন্তর্জাতিক ম্যাচ মেসির কেরিয়ারে। এই নিয়ে দেশের জার্সিতে বড় টুর্নামেন্টের অষ্টম ফাইনাল খেলতে নামবেন মেসি। গত সাতটি ফাইনালে কেমন পারফরম্যান্স করেছিলেন মেসি? ফলাফলই বা কি হয়েছিল? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০০৭ সালে প্রথম কোপা আমেরিকা ফাইনাল খেলেন মেসি, সেই ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারে আর্জেন্টিনা। কোনও গোল করতে পারেননি মেসি। ২০০৮ বেজিং অলিম্পিক্সের ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতে সোনার পদক জয়লাভ করে আজেন্টিনা, সেই ম্যাচে গোল করেছিলেন ডি মারিয়া।
মেসির নেতৃত্বে ২০১৪ সালে ফিফা বিশ্বকাপে ফাইনালে উঠে আর্জেন্টিনা, কিন্তু জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত জয় আর্জেন্টিনা। ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল চিলির কাছে টাইব্রেকারে হারে আর্জেন্টিনা। ২০১৬ সালে শতবর্ষের কোপাতে চিলির কাছে টাইব্রেকারে হারে আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি নষ্ট করেন মেসি। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই ম্যাচে জয়সূচক গোল এসেছিল ডি মারিয়ার পা থেকেই।
২০২২ সালে ফাইনাল যেন মহাকাব্য। ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে নির্ধারিত সময় ৩-৩ ফল ছিল। জোড়া গোল করেন মেসি। টাইব্রেকারে ৪-২ ফলে জেতে আর্জেন্টিনা। এই ম্যাচটিই দেশের হয়ে মেসির শেষ ম্য়াচ হতে পারে বলে জল্পনা তুঙ্গে। অবশ্য মেসি নিজে এখনও সরকারিভাবে বলেননি যে তিনি ঠিক কবে অবসর নেবেন, বা বিশ্বকাপে আদৌ খেলবেন কিনা।
নীল সাদার রাজপুত্র একটি সংবাদ মাধ্যমে বলেছেন, আমি জানি শেষ যুদ্ধগুলিতে লড়ছি। সেগুলি আমি পুরোপুরি উপভোগও করছি। ফাইনালে ওঠা সহজ ছিল না। ফাইনাল ম্যাচটি-সহ প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করতে চান বলেও জানিয়েছেন মেসি। ১৮৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মেসি কোপা সেমিফাইনালে গোল করায় তাঁর গোলের সংখ্যা হলো ১০৯।












Click it and Unblock the Notifications