Copa America 2024: কোপা আমেরিকার ফাইনাল খেলেই অবসর লিওনেল মেসির? আর্জেন্তিনা অধিনায়ক দিলেন বিরাট আভাস
Copa America 2024: লিওনেল মেসির নেতৃত্বে কোপা আমেরিকা খেতাব ধরে রাখা থেকে আর এক ধাপ দূরে আর্জেন্তিনা। কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
তবে পরবর্তী বিশ্বকাপে সম্ভবত আর খেতাব ধরে রাখার লড়াইয়ে মেসিকে পাবে না আর্জেন্তিনা। কোপা আমেরিকার ফাইনাল খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আভাস দিলেন মেসি।

কানাডাকে এবারের কোপা আমেরিকায় দু-বারই হারাল আর্জেন্তিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পর এই ম্যাচের ফলাফলও ২-০। ২২ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলের সৌজন্যে বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্তিনা। ৫১ মিনিটে লিওনেল মেসির গোল।
এবারের কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কানাডাকে ২-০, চিলিকে ১-০, পেরুকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্তিনা। ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ ছিল, পেনাল্টি শ্যুটআউটে আর্জেন্তিনা জেতে ৪-২ ব্যবধানে। লিওনেল মেসি টাইব্রেকারে গোল মিস করলেও এমিলিয়ানো মার্তিনেজের দুটি দুরন্ত সেভ ফাইনালে তোলে আর্জেন্তিনাকে।
এই ম্য়াচ জেতার পর মেসি ডি স্পোর্টস রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি জানি শেষ যুদ্ধগুলিতে লড়ছি। সেগুলি আমি পুরোপুরি উপভোগও করছি। ফাইনালে ওঠা সহজ ছিল না। ফাইনাল ম্যাচটি-সহ প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করতে চান বলেও জানিয়েছেন মেসি।
মেসির এই শেষ যুদ্ধ লড়ার কথা থেকেই স্পষ্ট হচ্ছে, কোপা আমেরিকা ফাইনালের পরই তিনি বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলতে পারেন। ইতিমধ্যেই তিনি প্যারিস অলিম্পিক্সে খেলবেন না বলে জানানোয় তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্তিনা। ২০২৬ সালের বিশ্বকাপেও মেসির না নামার আভাস মিলছে তাঁর কথায়।
আর্জেন্তিনা ফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে বনাম কলম্বিয়া দ্বিতীয় সেমিফাইনালে জয়ীদের বিরুদ্ধে। এই ম্যাচটিই দেশের হয়ে মেসির শেষ ম্য়াচ হতে পারে বলে জল্পনা তুঙ্গে। অবশ্য মেসি নিজে এখনও সরকারিভাবে বলেননি যে তিনি ঠিক কবে অবসর নেবেন, বা বিশ্বকাপে আদৌ খেলবেন কিনা।
মেসি এবারের কোপা আমেরিকা ফাইনালে প্রথম গোলটি পেলেন সেমিফাইনালেই। কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে মেসি অবশ্য একটি গোল করার ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন। ১৮৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মেসি কোপা সেমিফাইনালে গোল করায় তাঁর গোলের সংখ্যা হলো ১০৯। ইরানের আলি দায়িকে (১৪৮ ম্যাচে ১০৮ আন্তর্জাতিক গোল) টপকে তিনি চলে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (২১২ ম্যাচে ১৩০টি আন্তর্জাতিক গোল) ঠিক পরেই।












Click it and Unblock the Notifications